‘চ্যাটজিপিটি নয়, সংসদে ব্যবহৃত হচ্ছে ভারতের নিজস্ব AI মডেল ‘ভাষিণী’!’ কেন স্পিকারকে প্রশ্ন করলেন নির্মলা সীতারমণ?

সংসদের চলতি অধিবেশনে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে মারাঠিতে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে তামিল ভাষায় বক্তব্য রাখতে দেখা গিয়েছে। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ২২টি ভাষাতেই দেশের সাংসদরা সংসদে কথা বলার অধিকার রাখেন। কিন্তু এক সাংসদের বক্তব্য অন্য সাংসদরা বুঝতে পারেন কীভাবে? এই জটিল কাজটি সহজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

দীর্ঘদিন ধরে এই কাজের জন্য সাউন্ডপ্রুফ ঘরে বসে থাকা অনুবাদকরা তৎক্ষণাৎ বক্তৃতাগুলিকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করতেন, যা অন্যান্য সাংসদরা হেডফোনের মাধ্যমে শুনতেন। কিন্তু বর্তমানে অনুবাদকে আরও নির্ভুল ও দ্রুত করতে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি। তবে সংসদ চত্বরে জেমিনাই, চ্যাট জিপিটি বা গ্রক-এর মতো বহুল পরিচিত এআই মডেল ব্যবহার করা হয় না। এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ভারত সরকারের নিজস্ব এআই মডেল— যার নাম ভাষিণী (ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া)। বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অধীনে এই মডেলটি তৈরি করা হয়েছে।

ভাষিণী মডেলটি অটোম্যাটিক স্পিচ রেকগনিশান, মেশিন ট্রান্সলেশন, টেক্সট টু স্পিচ ও অপটিক্যাল ক্যারেকটার রেকগনিশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। তবে এই এআই-কে মানুষের বিকল্প হিসেবে আনা হয়নি। এর প্রধান কাজ হলো পেশাদার অনুবাদকদের কাজ সহজ করা। যেহেতু সংসদের আলোচনা আইনি ও রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে, তাই চূড়ান্ত অনুবাদের নির্ভুলতার জন্য প্রশিক্ষিত অনুবাদকদের উপরই নির্ভর করা হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা এই নতুন প্রযুক্তির ব্যবহারে নিশ্চিত হতে নির্মলা সীতারমণের বক্তৃতার সময় সরাসরি অন্য সাংসদদের কাছে জানতে চান যে অনুবাদ ঠিকঠাক আসছে কি না। সবশেষে তিনি বলেন, “আসলে ভারতের সংসদে এটাও নতুন।”