চোখে জল এনেছিল প্রথম দেখা! জয় শাহের উদ্যোগে বিশ্বকাপ পদক পাচ্ছেন চোটগ্রস্ত প্রতিকা রাওয়াল, কী বললেন তারকা?

সদ্য সমাপ্ত মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের বিশ্বজয়ের অন্যতম কারিগর হলেও, চোটের কারণে আইসিসির নিয়ম অনুযায়ী পদক পাননি তারকা ওপেনার প্রতিকা রাওয়াল (Pratika Rawal)। তবে এবার সেই নিয়মের বদল ঘটতে চলেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহের (Jay Shah) উদ্যোগে অবশেষে নিজের বিশ্বজয়ের পদক পেতে চলেছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন প্রতিকা। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন শেফালি বর্মা। আইসিসির নিয়মানুযায়ী, কোনো খেলোয়াড় টুর্নামেন্টের নির্দিষ্ট সংখ্যক ম্যাচ না খেললে তিনি পদক পান না।

জয় শাহের উদ্যোগে বদল
বিশ্বজয়ের পর বাকি দল পদক পেলেও হুইলচেয়ারে থাকা প্রতিকা রাওয়াল পদক পাননি। তবে এবার এই তারকার স্বপ্নপূরণ হতে চলেছে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সৌজন্যে।

সম্প্রতি News 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিকা নিজেই এই সুখবর দেন। তিনি বলেন, “জয় শাহ আমাদের ম্যানেজারকে মেসেজ করে জানিয়েছেন যে তিনি নিজেই বন্দোবস্ত করছেন যাতে আমি পদক পাই। তাই অবশেষে আমার নিজের পদক পেতে চলেছি।”

প্রথমবার পদক দেখে তাঁর কেমন লেগেছিল, সেই অনুভূতি জানিয়ে প্রতিকা বলেন, “প্রথমবার আমি যখন ওই পদকটা দেখি, আমার তো চোখে প্রায় জলই চলে এসেছিল। আমি খুব একটা আবেগঘন হয়ে পড়ি না, তবে ওইটা বিশেষ অনুভূতির ছিল।”

প্রতিকা রাওয়াল: জয় শাহ জানান যে তিনি আইসিসিকে জিজ্ঞেস করছেন যে আমায় পদক দেওয়া যায় কি না। সেই কারণে পদকটা আমার কাছে আসতে বেশ খানিকটা সময় লাগতে পারে। তাই সাপোর্ট স্টাফ একজন আপাতত আমায় ওঁদের পদক দিয়েছিলেন যাতে আমি আপাতত পরতে পারি। আমার পদক আসছে।

ভাইরাল মোদি-প্রতিকা ভিডিও
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকা প্রতিকা রাওয়ালের শারীরিক পরিস্থিতির কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তাঁর হাতে খাবার পরিবেশন করছেন। মানবিকতার এই দৃশ্য নেটিজেনদের মন জয় করেছে।