চীনে বিপাকে ডেটল! বিজ্ঞাপনের বিতর্কিত কন্টেন্ট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

সবসময় জীবাণু ধ্বংসের বার্তা দেওয়া জনপ্রিয় ব্র্যান্ড ‘ডেটল’ এবার খোদ বিতর্কের শিরোনামে। চিনের সোশ্যাল মিডিয়ায় ডেটলের একটি বিজ্ঞাপনকে ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। সংস্থার দাবি ছিল, নারী-বিদ্বেষী মানসিকতাকে কটাক্ষ করা, কিন্তু উল্টে বিজ্ঞাপনের কন্টেন্ট এতই আপত্তিকর ছিল যে, তা সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপনটিতে এক যুবককে দেখানো হয়, যে তার প্রেমিকাকে ‘অশুচি’ মনে করে সম্পর্ক ভেঙে দেয়। যদিও শেষ দৃশ্যে ডেটল এই পুরুষতান্ত্রিক মানসিকতাকে ‘জীবাণু’ হিসেবে চিহ্নিত করে ধুয়ে ফেলার বার্তা দেয়, কিন্তু বিজ্ঞাপনের প্রথম চার মিনিট এতটাই নারী-বিদ্বেষী ছিল যে তা দর্শকদের মনে ভুল বার্তা পৌঁছে দেয়। ফলে নেটিজেনরা একে ‘মানসিক বিষ’ বলে আখ্যা দিয়ে বয়কটের ডাক দিয়েছেন।

চিনের উইবো এবং রেডনোটের মতো প্ল্যাটফর্মে ডেটলের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে। ডিজিটাল বিশেষজ্ঞ মান্যা কোয়েৎসের মতে, ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর নামে এহেন ‘এক্সপ্লয়টেটিভ মার্কেটিং’ হিতে বিপরীত হয়েছে। তীব্র চাপের মুখে পড়ে ২২ জুন ডেটল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। সংস্থাটি স্বীকার করেছে যে, কনটেন্ট তৈরি এবং পর্যালোচনায় তাদের বড়সড় গাফিলতি ছিল। এর আগেও, গত বছর একটি বিজ্ঞাপনে নারীর পরিচ্ছন্নতা নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে ডেটল চিনে বিতর্কে জড়িয়েছিল। সরকার নিষেধাজ্ঞা না দিলেও, জনগণের এই বয়কটের ডাক ডেটলের ইমেজ সংকটের ইঙ্গিত দিচ্ছে।