ঘর ঠিকমতো পরিষ্কার হয়নি! সেই রাগে স্বামীকে ছুরি নিয়ে তাড়া করে ঘাড়ে আঘাত স্ত্রীর, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

ঘর পরিষ্কারের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরি নিয়ে তাড়া করলেন স্ত্রী। এরপর সেই ছুরি দিয়েই স্বামীর ঘাড়ে আঘাত করার অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনায়, যেখানে কর্মসূত্রে থাকা দুই ভারতীয় দম্পতির মধ্যে এই রক্তারক্তি কাণ্ড ঘটে।

আহত স্বামীর নাম অরবিন্দ সিং। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, বাড়ির সাফ-সাফাই ঠিকমতো না করায় তাঁর স্ত্রী কার্যত তাঁকে এভাবেই শাস্তি দিয়েছেন।

স্ত্রীর পাল্টা দাবি: তবে, অভিযুক্ত ৪৪ বছর বয়সী শিক্ষিকা স্ত্রী চন্দ্রপ্রভা সিং পুলিশের কাছে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তিনি ছুরি মারার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি তখন রান্না করছিলেন এবং হাতে থাকা ছুরি দিয়ে কুটনো কুটছিলেন। সেই সময় তাঁর স্বামী এসে কোনো সাহায্যের দরকার আছে কিনা জানতে চান।

ঘর পরিষ্কার না করে এভাবে সাহায্যের কথা বলায় তিনি রেগে যান। তিনি ছুরি হাতেই ঘুরে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে কথা বলতে যান। তখনই তাঁর হাতে থাকা ছুরিটি ভুলবশত স্বামীর ঘাড়ে লেগে যায়।

পুলিশ চন্দ্রপ্রভা সিংকে গ্রেপ্তার করে। পরে তাঁকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়। ঘরোয়া কাজ নিয়ে স্বামী-স্ত্রীর এমন চরম সংঘাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।