‘খেলাই কথা বলে, শব্দ নয়’- পাকিস্তানকে হারিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন শুভমন গিল

এশিয়া কাপে পাকিস্তানকে একতরফাভাবে উড়িয়ে দিয়ে সুপার ৪-এ নিজেদের যাত্রা শুরু করেছে ভারত। এই ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দুই ওপেনার শুভমন গিল এবং অভিষেক শর্মা। ২২ গজে ব্যাট হাতে কড়া জবাব দেওয়ার পর এবার সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে নাম না করেই ট্রোল করলেন এই দুই তরুণ তুর্কি।
শুভমন গিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের একটি ছবি পোস্ট করে লেখেন, “খেলাই কথা বলে, শব্দ নয়।” অন্যদিকে, অভিষেক শর্মাও নিজের পোস্টে লেখেন, “তোমরা বরং কথা বলো, আমরা ম্যাচ জিতি।” এই দুই তারকার ইঙ্গিত ছিল পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদি ও হারিস রউফের দিকে। ম্যাচের সময় তারা ভারতীয় ব্যাটারদের বারবার উত্ত্যক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু শুভমন-অভিষেকরা তার জবাব দেন বাউন্ডারিতে বল পাঠিয়ে।
ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে অভিষেক শর্মা সরাসরি পাকিস্তানের বোলারদের নিয়ে বলেন, “আজ ব্যাপারটা খুব সহজ ছিল। কোনো কারণ ছাড়াই যেভাবে আমাদের দিকে তেড়ে আসছিল, সেটা আমার একদমই পছন্দ হয়নি। একমাত্র এভাবেই (ব্যাটিং) আমি ওদের ওষুধ দিতে পারতাম।” তার এই মন্তব্য খেলাপ্রেমীদের মধ্যে দ্রুত ভাইরাল হয়েছে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৭১ রান সংগ্রহ করে। ফখর জামান এবং সাহিবজাদা ফারহানের ঝড়ো শুরু হলেও ভারতের বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। শিবম দুবের বোলিংয়েই খেলার মোড় ঘুরে যায়। তিনি সাহিবজাদা ফারহান (৫৮) এবং সইয়ম আইয়ুবের মতো গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন।
জবাবে, অভিষেক শর্মা (৭৪) এবং শুভমন গিলের (৪৭) ১০৫ রানের বিধ্বংসী জুটি ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। তাদের মারকাটারি ব্যাটিংয়ে মাত্র ৯.৫ ওভারেই সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে যায় ভারত। পরে তিলক ভার্মার ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে সহজে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এই জয়ে ক্রিকেটপ্রেমীদের মনে উচ্ছ্বাস আরও বেড়ে গেছে।