ক্রেডিট কার্ডের বিল মেটাচ্ছেন না? পুলিশ গ্রেফতার করতে না পারলেও ঘনাচ্ছে বড় বিপদ!

আজকের যুগে কেনাকাটা থেকে শুরু করে জরুরি পরিষেবা—ক্রেডিট কার্ড আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই স্বাচ্ছন্দ্যই গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে যদি সময়মতো বিল পরিশোধ না করা হয়। ক্রেডিট কার্ডের বকেয়া না মেটালে কী কী আইনি ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি?

প্রথমত, সময়মতো বিল না দিলে আপনার ক্রেডিট স্কোর (CIBIL) দ্রুত কমতে থাকে। এর ফলে ভবিষ্যতে নতুন লোন বা ক্রেডিট কার্ড পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। এমনকি ব্যাঙ্ক আপনার প্রোফাইল ব্ল্যাকলিস্ট করে কার্ড ব্লক করে দিতে পারে। অনেকের মনেই আতঙ্ক থাকে যে বিল না মেটালে পুলিশ গ্রেফতার করবে কি না। বিশেষজ্ঞদের মতে, এটি একটি দেওয়ানি বিষয় বা ‘সিভিল ডিসপিউট’, তাই পুলিশ সরাসরি কাউকে গ্রেফতার করতে পারে না। তবে ব্যাঙ্ক আপনার বিরুদ্ধে আদালতে দেওয়ানি মামলা দায়ের করতে পারে।

সবচেয়ে বড় বিপত্তি ঘটে যখন ব্যাঙ্ক কঠোর ব্যবস্থা নেয়। যদি আপনার ওই একই ব্যাঙ্কে কোনও সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে বকেয়া টাকা আদায়ের জন্য ব্যাঙ্ক সেই অ্যাকাউন্টের ব্যালেন্স কেটে নিতে পারে। এমনকি দীর্ঘদিনের বকেয়া আদায়ের জন্য আইনি পথে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতাও ব্যাঙ্কের রয়েছে। তাই বড় কোনও আইনি লড়াই বা আর্থিক ক্ষতি এড়াতে নির্দিষ্ট তারিখের মধ্যেই ক্রেডিট কার্ডের বিল মেটানো বুদ্ধিমানের কাজ।