প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব! কিশোর কুমারের এমন কাণ্ড শুনে অবাক হয়েছিলেন লীনা চন্দভারকর

সংগীত জগতের কিংবদন্তি কিশোর কুমারের প্রেম জীবন বরাবরই রোমাঞ্চকর। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে তাঁর স্ত্রী লীনা চন্দভারকর ফাঁস করেছেন এক অজানা তথ্য। প্রথম সাক্ষাতেই কিশোর কুমার তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন! ঘটনার স্মৃতিচারণ করে লীনা জানান, একটি ছবির প্রস্তাব নিয়ে আলোচনার মাঝেই কিশোর কুমার হঠাৎ জিজ্ঞেস করেন, তিনি বিয়ে করতে চান কি না। লীনা উত্তর দিয়েছিলেন, সঠিক মানুষ পেলে অবশ্যই করবেন। এ কথা শুনেই কিশোর কুমার নির্দ্বিধায় বলেছিলেন, “তবে আমার কথাটাই আগে ভেবে দেখুন!”
প্রস্তাব শুনে হতবাক লীনা পাল্টা প্রশ্ন করেছিলেন, “আপনি কি আপনার ছবির সব নায়িকাকেই বিয়ের প্রস্তাব দেন?” কারণ ততদিনে কিশোর কুমারের জীবনে মধুবালা ও যোগিতা বালির মতো নাম জড়িয়ে গেছে। অবাক করা বিষয় হলো, প্রত্যাখ্যানের পরও কিশোর কুমার একদম বিচলিত হননি। হাসিমুখেই বলেছিলেন, “ঠিক আছে, প্রস্তাব বাতিল!”
পরবর্তীতে ড্রাইভারের মাধ্যমে যোগাযোগ এবং ‘পেয়ার আজানবি হ্যায়’-এর গল্পের আড়ালে বাড়তে থাকে তাঁদের ঘনিষ্ঠতা। জীবনের কঠিন সময়ে কিশোর কুমারের সঙ্গ লীনাকে নতুন পথের দিশা দেখিয়েছিল। ১৯৫১ সালে রুমা গুহ ঠাকুরতা, ১৯৬০ সালে মধুবালা এবং ১৯৭৬ সালে যোগিতা বালির সঙ্গে দাম্পত্য জীবনের পর ১৯৮০ সালে লীনা চন্দভারকরকে বিয়ে করেন কিশোর কুমার। শেষ পর্যন্ত এই দম্পতি সুমিত কুমারের জন্ম দেন এবং আজীবন একসঙ্গেই ছিলেন। কিংবদন্তি শিল্পীর এই অজানা প্রেমের গল্প ভক্তদের কাছে আজও এক দারুণ চমক।