ক্যাব বুকিংয়ের সময় আর দিতে হবে না অতিরিক্ত টিপ! ওলা-উবারদের জন্য কেন্দ্র সরকারের কড়া নির্দেশ

রাইড বুকিংয়ের সময় অতিরিক্ত অর্থ বা টিপ দেওয়ার প্রথার বিরুদ্ধে অত্যন্ত কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। ওলা, উবারের মতো জনপ্রিয় ক্যাব অ্যাগ্রিগেটরদের জন্য নতুন নির্দেশিকা জারি করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এখন থেকে ক্যাব বুকিং সম্পন্ন হওয়ার আগে স্ক্রিনে কোনওভাবেই টিপ বা অতিরিক্ত টাকা দেওয়ার অপশন রাখা যাবে না। মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, যাত্রা শুরুর আগেই বাড়তি অর্থের দাবি জানানো ‘মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫’-এর সরাসরি লঙ্ঘন।

সম্প্রতি মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ক্যাব বুকিংয়ের সময় যাত্রীদের বিভ্রান্ত করার মতো কোনও মেসেজ বা পপ-আপ দেখানো যাবে না। এর মধ্যে রয়েছে “অ্যাডভান্স টিপ,” “চুজ অ্যান অ্যাড-অন,” এবং “ইম্প্রুভ ইওর চান্সেস অফ কুইকার রাইড কনফার্মেশন”-এর মতো অপশনগুলি। সরকারের মতে, এই ধরনের ফিচারগুলির মাধ্যমে যাত্রীদের মনে এক ধরণের মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং তাদের ভুলভাবে বিশ্বাস করানো হয় যে অতিরিক্ত টাকা দিলে তবেই ক্যাব দ্রুত কনফার্ম হবে বা চালক উন্নত পরিষেবা দেবেন।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা শুধুমাত্র রাইড সম্পূর্ণ হওয়ার পরেই স্বেচ্ছায় চালককে টিপ দিতে পারবেন। ‘মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫’-এর ১৪.১৫ ধারা অনুযায়ী, টিপ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ স্বেচ্ছাধীন হতে হবে এবং রাইডের মাঝপথে বা বুকিংয়ের সময় কোনোভাবেই জোর করা যাবে না। পাশাপাশি, যাত্রীর দেওয়া সেই টিপের সম্পূর্ণ অর্থ সরাসরি চালকের পকেটেই যাবে, যার থেকে কোনো কমিশন কাটতে পারবে না ক্যাব সংস্থাগুলি। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA)-র আপত্তির পরেই সরকারের এই কঠোর পদক্ষেপ সাধারণ যাত্রীদের জন্য এক বড় স্বস্তি বয়ে এনেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।