কে হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী? সিলমোহর দিতে কলকাতায় অমিত শাহ, সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকায় বড় চমক!

বাংলার রাজনৈতিক মানচিত্রে সূচিত হতে চলেছে এক নতুন অধ্যায়। আগামীকালই শহর কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, জয়ী প্রার্থীদের সঙ্গে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি হাই-ভোল্টেজ মেগা বৈঠক করবেন তিনি। মূলত বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন এবং সম্ভাব্য মন্ত্রিসভার নীল নকশা চূড়ান্ত করতেই শাহর এই সফর। রাজ্য বিজেপি পদাধিকারীদের পাশাপাশি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন তিনি।

মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে যখন রাজ্যজুড়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই আমাদের হাতে এল বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার একটি এক্সক্লুসিভ তালিকা। সূত্রের খবর, মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষের মতো হেভিওয়েটরা। এছাড়াও তালিকায় নাম রয়েছে স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায় এবং দীপাঞ্জন চক্রবর্তীর। বিধানসভার স্পিকার পদের জন্য অভিজ্ঞ রাজনীতিক তাপস রায়ের নাম গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।

শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৯ তারিখ অর্থাৎ ২৫শে বৈশাখ সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন সরকার। সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি, জয়ী বিধায়কদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করে মুখ্যমন্ত্রী বা দলনেতার নামে চূড়ান্ত সিলমোহর দেবেন অমিত শাহ।

এবারের মন্ত্রিসভায় বিভিন্ন সম্প্রদায়ের ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ঐতিহাসিক এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। উল্লেখ্য, ১৯৭৭ সালে বামফ্রন্টের বিজয় সভা থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, মুজিবুর রহমান কিংবা ক্রুশ্চেভ-বুলগানিনের ঐতিহাসিক সভার সাক্ষী থেকেছে এই ব্রিগেড। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপির প্রথম সরকারের রাজকীয় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy