কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! ডিএ বাড়ল আরও ৩%, মোট ডিএ পৌঁছল ৫৮ শতাংশে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও একবার মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির সুখবর। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদিও সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি, তবে শীঘ্রই তা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিএ এবং ডিআর-এর নতুন পরিমাণ
কর্মচারীদের জন্য: সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে।
পেনশনভোগীদের জন্য: একইভাবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ (DR) বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের প্রাপ্ত ডিএ বা ডিআর-এর পরিমাণ দাঁড়াবে ৫৮ শতাংশ।
কবে থেকে কার্যকর ও এরিয়ার প্রদান
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ ডিএ পাচ্ছেন (২০২৫ সালের জানুয়ারিতে ২ শতাংশ বৃদ্ধির পর)।
এবার যে ডিএ বাড়ানো হবে, তা ২০২৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা আছে।
কেন্দ্রীয় সরকারের তরফে কর্মচারীদের এরিয়ার বা বকেয়াও মিটিয়ে দেওয়া হবে।
অষ্টম বেতন কমিশন ও প্রত্যাশা
সবকিছু ঠিকঠাক থাকলে, এটি সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শেষ দফার ডিএ বৃদ্ধি হতে চলেছে। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা করছেন যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে।
তাঁদের আশা, অষ্টম বেতন কমিশনের আওতায় এই ৫৮ শতাংশ ডিএ বেসিক স্যালারির (Basic Salary)-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, যার ফলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।