ওড়িশায় ফের একবার বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। বৃহস্পতিবার সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ জাজপুর জেলার জাখাপুরা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হল নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস (২২৬১১)। এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ট্রেনটির একটি এসি (AC) কোচ এবং দু’টি জেনারেল বগি ট্র্যাক থেকে ছিটকে যায়।
হঠাৎ এই দুর্ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ট্রেনটি ২১টি বগির ছিল, যার মধ্যে ১০টি এসি কোচ। বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তবে স্বস্তির খবর এই যে, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই ভদ্রক থেকে একটি বিশেষ উদ্ধারকারী ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটল এবং লাইনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।