‘ওখানে সন্তানের কোনো নিরাপত্তা নেই!’ মহেশতলার নামী স্কুল নিয়ে বিস্ফোরক পোস্ট শ্রাবন্তীর

মহেশতলার একটি নামী বেসরকারি স্কুলের বিরুদ্ধে শিশুসুরক্ষায় মারাত্মক গাফিলতির অভিযোগ তুললেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর দিদি স্মিতা ঘোষ। স্কুলের ভেতরেই শ্রাবন্তীর বোনপো অর্থাৎ স্মিতার ছেলের চোখে গুরুতর চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির ওই ছাত্রের চোখে অন্য এক পড়ুয়ার বল বা অন্য কোনো কারণে আঘাত লাগে বলে জানা গেছে। তবে এই দুর্ঘটনার চেয়েও বড় উদ্বেগের বিষয় হিসেবে সামনে এসেছে স্কুল কর্তৃপক্ষের লুকোচুরি ও অসহযোগিতার অভিযোগ। আহত শিশুর মা স্মিতা ঘোষ জানিয়েছেন, ঘটনার সঙ্গে সঙ্গেই তাঁদের কোনো খবর দেওয়া হয়নি। উল্টে অভিভাবকদের না জানানোর জন্য নাকি ওই শিশুকে প্রভাবিত করা হয়েছিল এবং নিজের জন্যই আঘাত লেগেছে বলে গল্প সাজানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিভাবকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। মহেশতলার ওই ব্র্যাঞ্চে নিজেদের সন্তানকে ভর্তি না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, সেখানে শিশুদের কোনো নিরাপত্তা নেই এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট অত্যন্ত খারাপ। ঘটনার পর স্কুলের সিসি ক্যামেরা বা সিসিটিভি ফুটেজ চেয়েও কর্তৃপক্ষের তরফে কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার সম্পূর্ণ স্বচ্ছ তদন্ত এবং সঠিক জবাব দাবি করেছেন তাঁরা।