বাংলায় ফের দুর্যোগের কালো মেঘ! বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে কবে পর্যন্ত চলবে বৃষ্টি?

পূর্বাভাসমতোই রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ঢাকল মেঘের চাদরে। আবহাওয়া দপ্তরের পূর্বঘোষণা অনুযায়ী, সপ্তাহের শুরুতেই বঙ্গে ফের বৃষ্টির জোরালো কামব্যাক ঘটতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যের আকাশজুড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, যার ফলে একটানা বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকতে পারে।
গত সপ্তাহেই একটি শক্তিশালী নিম্নচাপের জেরে প্রবল বর্ষণে ভাসছিল গোটা বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় দফায় দফায় বৃষ্টিতে জল জমে সাধারণ মানুষের জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন একটি নিম্নচাপ। চলতি আগস্ট মাসে এটি তৃতীয় নিম্নচাপ হিসেবে চিহ্নিত হয়েছে। আর এই নতুন নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
নতুন এই নিম্নচাপটি বর্তমানে মূলত বাংলা-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর প্রত্যক্ষ প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তিলোত্তমা ত্ত কলকাতা শহরে আপাতত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, আজ দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালি মেজাজ সোমবারেও বজায় থাকবে, যেখানে প্রধানত ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপটির মূল প্রভাব মূলত ওড়িশা ও ছত্তীসগঢ় রাজ্যের ওপর পড়বে, তবে তার প্রভাবে এ রাজ্যের পশ্চিমাঞ্চলেও ভালোমতো বৃষ্টি হবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও আসছে বড় পরিবর্তন। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবারও কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। এরপর আগামী বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগস্টের শেষ প্রান্তে এসে ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে গোটা রাজ্য।