এবার ট্রেনেও অতিরিক্ত মাল নিলে জরিমানা, কঠোর হচ্ছে রেল কর্তৃপক্ষ

বিমানের মতো এবার রেলযাত্রার ক্ষেত্রেও মালপত্র বহনের অনুমোদিত সীমা ছাড়িয়ে গেলে যাত্রীদের জরিমানা দিতে হবে। দূরপাল্লার যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ভারতীয় রেল এই নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে।
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অদূর ভবিষ্যতে দেশের বড় এবং ব্যস্ত স্টেশনগুলিতে প্রবেশের আগেই যাত্রীদের নিজেদের সঙ্গে থাকা মাল ওজন করাতে হবে। ট্রেনের শ্রেণি অনুযায়ী মালপত্র বহনের সীমা নির্ধারণ করা হয়েছে— এসি প্রথম শ্রেণির জন্য ৭০ কেজি, এসি টু টায়ারের জন্য ৫০ কেজি, এসি থ্রি টায়ারের জন্য ৪০ কেজি এবং স্লিপার ক্লাসের জন্য ৩৫ কেজি। নির্ধারিত সীমার অতিরিক্ত ওজন হলে যাত্রীদের জরিমানা দিতে হবে।
প্রয়াগরাজ ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ডিভিশনাল ম্যানেজার হিমাংশু শুক্লা জানিয়েছেন, এটি যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর একটি উদ্যোগ। তিনি আরও জানান, শুধু ওজনের সীমা নয়, যাত্রীদের মালপত্র যদি অতিরিক্ত জায়গা দখল করে অন্যদের অসুবিধা তৈরি করে, সেক্ষেত্রেও জরিমানা দিতে হবে।
এই নতুন নিয়মটি ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে দেশের বড় স্টেশনগুলিকে আধুনিকীকরণের একটি অংশ। এই প্রকল্প অনুযায়ী, স্টেশনগুলিতে বিমানবন্দরের মতো আধুনিক পরিষেবা, যেমন বড় ওয়েটিং লাউঞ্জ এবং উচ্চগতির ওয়াইফাই-এর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে, উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ সহ বেশ কিছু স্টেশনে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।