এবার ছেলেরাও পাবেন মাসিক ভাতা! বাংলায় ‘নারায়ণদের’ জন্য কর্মসংস্থানের ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে?

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং কন্যাশ্রী, যুবশ্রীর মতো একাধিক আর্থিক প্রকল্প চালু করেছে। এই সকল ভাতার মাধ্যমে প্রতি মাসে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। তবে এবার শুধু নারীরাই নন, পুরুষদের (বা নারায়ণদের) জন্যও মাসিক ভাতা বা কর্মসংস্থানের ঘোষণা হতে চলেছে। এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিশাল সাফল্যের পর মালদায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন।

বিজেপি ক্ষমতায় এলে ‘নারায়ণ ভাণ্ডার’?

বিজেপি রাজ্য সভাপতির দাবি, বিজেপি যদি রাজ্যে ক্ষমতা দখল করে, তবে তারা শুধু বাংলার মহিলাদের কথাই ভাববে না, পুরুষদের বা ‘নারায়ণদের’ জন্যও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “বাংলার মা-বোনদের আমরা আশ্বস্ত করছি, বিজেপির ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অর্থ সচিবকে বলেছেন যে, তিনি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়াতে চান।”

সুকান্ত মজুমদার যদিও রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২৫ সালে রাজ্যের ঋণের পরিমাণ প্রায় আট লাখ কোটি টাকা হয়ে যাবে। অর্থাৎ, বাংলার প্রত্যেক নাগরিকের মাথার ওপর এখন ৭০ হাজার টাকা করে ঋণ রয়েছে। এত বিপুল ঋণের বোঝা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়। তবে, কিছু টাকা বাড়ানো হলেও হতে পারে।”

এর আগে তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার সংক্রান্ত একাধিক জল্পনা ছড়িয়েছিল, যদিও এই ভাতা এখনও চালু রয়েছে। এবার বিরোধী শিবিরের প্রধান নেতা সুকান্ত মজুমদারের এই ‘পুরুষদের জন্য ভাতা’ বা কর্মসংস্থানের আশ্বাস আগামী দিনের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।