তিনবারের মুখ্যমন্ত্রী, কিন্তু খতিয়ান বলছে তাঁর নিজের নামে আজও কোনো বাড়ি বা ব্যক্তিগত গাড়ি নেই। বুধবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় এই তথ্যই পেশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব সামলালেও ‘দিদি’-র অনাড়ম্বর জীবনযাপনের চিত্র আরও একবার ফুটে উঠল এই নথিতে।
হলফনামা অনুযায়ী, মমতার হাতে বর্তমানে নগদ রয়েছে মাত্র ৭৫,৭০০ টাকা। তাঁর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ২০২১ সালের তুলনায় তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকায়। সম্বল বলতে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনার গয়না থাকলেও কোনো ব্যাঙ্ক ঋণ বা নতুন বিনিয়োগ তাঁর নেই। বই ও গানের রয়্যালটি এবং ব্যাঙ্কের সুদই মুখ্যমন্ত্রীর আয়ের মূল উৎস। এছাড়া তাঁর রাজনৈতিক কেরিয়ারে কোনও এফআইআর বা ফৌজদারি মামলা না থাকাটাও এক বড় রেকর্ড।





