এক ধাক্কায় বদলে গেল আবহাওয়া! উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, জারি থাকবে ক’দিন?

টানা বৃষ্টির পর উত্তরবঙ্গে সাময়িক স্বস্তি ফিরলেও এখনই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট কমছে না। আবহাওয়া দফতরের তাজা পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আজ আপনার জেলায় ওয়েদার আপডেট ঠিক কেমন? জেনে নিন বিস্তারিত—

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আজ বুধবার তিলোত্তমা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • তাপমাত্রা: আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। (গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬°C এবং সর্বনিম্ন ছিল ২৬.৬°C)।

  • বৃষ্টির রেকর্ড: গত ২৭ জুলাই রাত থেকে ২৮ জুলাই রাতের মধ্যে শহরে ৬.৬ মিলিমিটার এবং গতকাল সকাল থেকে আরও ৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের চিত্র: ঝড়ো হাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে এক-দু’টি জায়গায় হঠাৎ বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের পূর্বাভাস: পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের পাঁচ পাহাড়ি জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে।

তবে আবহাওয়া দপ্তর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।