এআইডিএসও, এআইডিওয়াইও’র উদ্যোগে পালিত বিদ্যাসাগর জয়ন্তী, দেশের শিক্ষাব্যবস্থায় আক্রমণের বিরুদ্ধে বার্তা!

নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহর জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হলো। তারই অংশ হিসেবে, মেদিনীপুর স্টেশনে এক সংক্ষিপ্ত শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচির আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর সংগঠন কেওএমএসওএমওএল।

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক
এই সংক্ষিপ্ত শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও’র জেলা কমিটির সম্পাদক তনুশ্রী বেজ এবং এআইডিওয়াইও’র জেলা কমিটির কোষাধ্যক্ষ টুম্পা গোস্বামী।

যুব সংগঠন এআইডিওয়াইও’র জেলা কমিটির কোষাধ্যক্ষ টুম্পা গোস্বামী তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বিদ্যাসাগরের জীবনী থেকে শিক্ষা নিয়ে আজকের দিনের জাতীয় শিক্ষানীতির মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার উপর আক্রমণের বিরূদ্ধে ছাত্র-যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মেদিনীপুর স্টেশন ছাড়াও মেদিনীপুর কলেজ এবং জেলাজুড়ে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সংগঠনগুলির এই কর্মসূচি বিদ্যাসাগরের শিক্ষামূলক আদর্শকে বর্তমান সময়ের রাজনৈতিক ও শিক্ষাগত প্রেক্ষাপটে তুলে ধরল।