আহমেদাবাদের পর দুবাইয়েও তৈরি হলো IIM ক্যাম্পাস, উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

দুবাইয়ে প্রথম ভারতীয় ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (IIM) ক্যাম্পাস উদ্বোধন করে এলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুই দিনের আরব আমিরাত সফরে গিয়ে তিনি সেখানে IIM আহমেদাবাদের একটি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন।

শিক্ষাক্ষেত্রে দুই দেশের সহযোগিতা

বৃহস্পতিবার আমিরাতের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে একটি কূটনৈতিক বৈঠকে ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারত-আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি জানান, কয়েক বছর আগে আমিরাতের রাষ্ট্রপতির অনুরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটি আইআইটি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখন বাস্তবায়িত হয়েছে।

ধর্মেন্দ্র প্রধান বলেন, “আমরা আইআইটি তৈরির পর যখন আমিরাত আমাদের কাছে একটি IIM তৈরির অনুরোধ করল, আমরা সেটাও বাস্তবায়ন ঘটালাম। আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হলো।”

নতুন কোর্স এবং সুযোগ

দুবাইয়ে IIM-এর নতুন ক্যাম্পাস উদ্বোধনের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আবু ধাবিতে অবস্থিত IIT দিল্লির ক্যাম্পাসের জন্য নতুন পাঠ্যক্রমও উদ্বোধন করেছেন। সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি-সাসটেইনিবিলিটি বিষয়ে বি-টেক থেকে পিএইচডি পর্যন্ত বিভিন্ন কোর্সের সূচনা করা হয়েছে।

এই পদক্ষেপগুলো ভারত ও আরব আমিরাতের মধ্যে শিক্ষাক্ষেত্রে গভীর সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।