‘আমিই ৮টা যুদ্ধ থামিয়েছি’, হামাস-ইজরায়েল সংঘর্ষবিরতির পর নোবেল পুরস্কারের দাবি তুলে ট্রাম্পের নতুন বিস্ফোরক মন্তব্য!

ইজরায়েল ও হামাসের মধ্যে বন্দী প্রত্যার্পণ চুক্তি করাতে মিশরগামী এয়ারফোর্স ওয়ানে বসে ফের নিজের বিশ্বস্তরের সাফল্যের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তাঁর মতো বিশ্বব্যাপী এতগুলো যুদ্ধ কেউ থামাতে পারেনি। তাঁর সাফল্যের তালিকায় সর্বশেষ সংযোজন হামাস ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতি।

ট্রাম্প আজ সাংবাদিকদের কাছে দাবি করেন, এই নিয়ে তিনি দুনিয়া জুড়ে আটটি পূর্ণাঙ্গ যুদ্ধ থামিয়েছেন।

ভারত-পাক যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য
নিজের সাফল্যের প্রমাণ দিতে গিয়ে ট্রাম্প ভারত-পাকিস্তানের সংঘর্ষের প্রসঙ্গ টানেন। ট্রাম্প বলেন:

“শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে আমি বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছি। এই যেমন ভারত ও পাকিস্তানের মধ্যেই ধরুন না। আমি বলেছিলাম, তোমাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। তাও যদি তোমরা দুজনে যুদ্ধ চালিয়ে যাও, তাহলে আমি বড়সড় শুল্ক চাপাবো। সেটা ১০০, ১৫০ এমনকী ২০০% হতে পারে।”

তবে ট্রাম্প এই দাবি করলেও, নয়াদিল্লি বরাবরই সংঘর্ষ থামাতে মার্কিন হস্তক্ষেপের দাবি অস্বীকার করেছে। বরং ভারত জানিয়েছে, পাক সেনাই ভারতের হাতেপায়ে ধরে সংঘর্ষবিরতি চেয়েছিল।

পরবর্তী লক্ষ্য কাবুল-ইসলামাবাদের সংঘাত
গাজায় সংঘর্ষবিরতির পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কাবুল বনাম ইসলামাবাদের মধ্যে শুরু হওয়া সংঘাত থামানো। তিনি জানান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ শুরু হয়েছে বলে তাঁর কানে এসেছে।

ট্রাম্প বলেন, “আমি ফেরা পর্যন্ত ওদের অপেক্ষা করতে হবে। কারণ, আমার চেয়ে ভাল যুদ্ধ কেউ থামাতে পারে না।”

ট্রাম্প আরও দাবি করেন, তিনি যে যে যুদ্ধ থামিয়েছেন তার এক একটি ৩৫, ৩৭ বছর ধরে চলছিল। “এক দিনে যুদ্ধ থামিয়ে আমি লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছি,”— এয়ারফোর্স ওয়ানে বসে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুদ্ধ থামাতে এতটা দক্ষ বলেই নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি নিজের নাম একাধিকবার সুপারিশ করেছিলেন, সেই কথাও মনে করিয়ে দিতে ভোলেননি ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত তাঁর নোবেল জেতা হয়নি।