ভারতের প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ১২ সংখ্যার আধার নম্বর। সরকারি ভর্তুকি থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা কিংবা নতুন ফোনের কানেকশন—সব ক্ষেত্রেই আধার কার্ড এখন অপরিহার্য। তবে আধার তথ্যে সামান্য ভুল থাকলে যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আধার কার্ডের ভুল তথ্য কি বারবার সংশোধন করা সম্ভব? তথ্য জালিয়াতি রুখতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার আপডেট নিয়ে বেশ কিছু কঠোর নির্দেশিকা জারি করেছে। নাগরিকদের সুবিধার্থে এবং বিভ্রান্তি এড়াতে এই নিয়মগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি।
সীমা নেই যেখানে (যতবার খুশি বদলান):
কিছু নির্দিষ্ট তথ্যের ক্ষেত্রে UIDAI কোনো কড়াকড়ি করেনি। কাজের সূত্রে বা ঘর পরিবর্তনের কারণে আধার কার্ডের ঠিকানা যতবার খুশি পরিবর্তন করা সম্ভব। এর জন্য ‘myAadhaar’ পোর্টাল বা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের সাহায্য নেওয়া যেতে পারে। একইভাবে, পুরনো সিম কার্ড বন্ধ হয়ে গেলে বা নতুন নম্বর যুক্ত করতে চাইলে কোনো বাধা নেই। আপনি যখন খুশি নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে অথবা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন।
কড়া নিয়ম যেখানে (ভুল হলেই বিপদ):
সব তথ্য সংশোধনের সুযোগ অবারিত নয়। কিছু তথ্যের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে:
নিজের নাম: আধার কার্ডে নিজের নামের বানান বা পদবি জীবনে সর্বোচ্চ দুই বার সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।
জন্মের তারিখ: আধার ডেটাবেসে জন্মতারিখ বা বয়সের প্রমাণপত্র মাত্র এক বারই এডিট করা সম্ভব।
লিঙ্গ বা জেন্ডার: এই তথ্যটিও আধার কার্ডের সম্পূর্ণ মেয়াদে মাত্র এক বারই পরিবর্তন করা যায়।
পকেটের কত খসবে?
UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধারের যেকোনো ডেমোগ্রাফিক তথ্য (যেমন নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স বা মোবাইল নম্বর) পরিবর্তনের জন্য সরকারিভাবে ৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে। অনেক সময় পুরনো মোবাইল নম্বর হারিয়ে গেলে ওটিপি (OTP) পেতে সমস্যা হয়। সেক্ষেত্রে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ ব্যবহার করে সহজেই নতুন নম্বর নথিভুক্ত করা যায়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্যান কার্ডের সঙ্গে লিঙ্কিং সচল রাখতে এবং যেকোনো ধরনের জালিয়াতি এড়াতে আধার কার্ডে যদি কোনো ভুল থাকে, তবে দেরি না করে অবিলম্বে তা সংশোধন করিয়ে নেওয়া উচিত। আধার কার্ডের তথ্য সঠিক থাকলে সরকারি পরিষেবার সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না।





