অষ্টম বেতন কমিশন নিয়ে এবার বড়সড় ধামাকা! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় এক আমূল পরিবর্তনের দাবি জানাল ভারতীয় সুরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS)। বুধবার জাতীয় পরিষদ যৌথ পরামর্শক ব্যবস্থার (NC-JCM) এই গুরুত্বপূর্ণ সদস্য সংগঠনটি অষ্টম বেতন কমিশনের কাছে তাদের স্মারকলিপি জমা দিয়েছে। সেখানে যা দাবি করা হয়েছে, তা যদি কার্যকর হয় তবে সরকারি কর্মীদের মাসিক আয়ে সুনামি আসতে চলেছে।
ন্যূনতম বেতন ৭২,০০০ টাকা!
বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী একজন লেভেল-১ কর্মচারীর ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা। কিন্তু BPMS দাবি করেছে, ২০২৬ থেকে এই বেতন বাড়িয়ে সরাসরি ৭২,০০০ টাকা করতে হবে। অর্থাৎ বেতনের বেসিক পে-তেই ৪ গুণ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংগঠনের দাবি অনুযায়ী সর্বোচ্চ বেতন ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।
কেন এই বিপুল বৃদ্ধির দাবি?
BPMS-এর ভারপ্রাপ্ত সভাপতি মুকেশ সিং জানিয়েছেন, দেশের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধির ওপর ভিত্তি করেই এই হিসাব কষা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-১৭ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে ভারতের মাথাপিছু আয় প্রায় ৮৬.৭৬% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বর্তমানে ৩ জনের বদলে ৫ জনের পরিবারের খরচের ইউনিট ধরে বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে। হিসাব অনুযায়ী এই বেতন ৮৮,৫২৪ টাকা হওয়া উচিত ছিল, তবে দেশের আর্থিক স্থিতি এবং বাজেটের কথা মাথায় রেখে ৭২,০০০ টাকার ভারসাম্যপূর্ণ দাবি জানানো হয়েছে।
ফিটমেন্ট ফ্যাক্টর ও ইনক্রিমেন্টে বড় বদল:
কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ৩% থেকে বাড়িয়ে ৬% করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামো একনজরে:
লেভেল ১: ১৮,০০০ → ৭২,০০০ টাকা
লেভেল ২-৩: ৮৬,৮০০ টাকা
লেভেল ৬: ১,৪১,৬০০ টাকা
লেভেল ১৩: ৪,৭৪,০০০ টাকা
লেভেল ১৮: ১০,০০,০০০ টাকা (সর্বোচ্চ)
প্রতিরক্ষা বাহিনীর বেসামরিক কর্মচারীদের এই সংগঠনটি আশাবাদী যে, কমিশন তাদের সুপারিশ প্রণয়নের সময় এই বাস্তবসম্মত ও যুক্তিপূর্ণ দাবিগুলো অবশ্যই বিবেচনা করবে।





