অবশেষে ভারতে টেসলার প্রথম গাড়ি বিক্রি! কে কিনলেন? Model Y-এর দাম কত? জানুন বিস্তারিত

বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে প্রথম গাড়ি বিক্রি করল টেসলা। এলন মাস্কের সংস্থাটি তাদের নতুন Model Y গাড়ির প্রথম ইউনিটটি ডেলিভারি দিল মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী প্রতাপ সারনায়েককে। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’ থেকে তিনি ব্যক্তিগতভাবে গাড়িটি সংগ্রহ করেন। এই ঘটনা ভারতের ইলেকট্রিক ভেহিকেল (EV) বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।
১৫ জুলাই লঞ্চ হওয়া এই Model Y-এর দুটি ভেরিয়েন্ট ভারতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি হল 60kWh ব্যাটারি-সহ রিয়ার-হুইল ড্রাইভ (RWD), যার দাম শুরু হচ্ছে ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে। অন্যটি হল 75kWh ব্যাটারি-সহ লং রেঞ্জ RWD, যার দাম ৬৭.৮৯ লক্ষ টাকা থেকে শুরু। এই দুটি দামই হলো এক্স-শোরুম মূল্য।
গাড়িটির বিশেষত্ব হলো এর আকর্ষণীয় রেঞ্জ এবং স্পিড। স্ট্যান্ডার্ড RWD মডেলটি একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং মাত্র ৫.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। অন্যদিকে, লং রেঞ্জ RWD মডেলটি ৬২২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এবং ৫.৬ সেকেন্ডে একই গতি অর্জন করতে পারে। উভয় মডেলেরই সর্বোচ্চ গতি ২০১ কিলোমিটার প্রতি ঘণ্টা।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, টেসলা ভারতে এখনও পর্যন্ত প্রায় ৬০০টি গাড়ির অর্ডার পেয়েছে। যদিও এলন মাস্কের সংস্থার প্রত্যাশা ছিল এর থেকে অনেক বেশি। তবুও, টেসলা প্রতি বছর ভারতে ৩৫০ থেকে ৫০০ গাড়ি রফতানি করার পরিকল্পনা করেছে। সেই লক্ষ্য অনুযায়ী, ইতিমধ্যেই সাংহাই থেকে প্রথম ব্যাচের গাড়িগুলো সেপ্টেম্বরের শুরুতে ভারতে এসে পৌঁছেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ইভি বাজার এখনো বেশ ছোট হলেও তা দ্রুত গতিতে বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাসে বিক্রি হওয়া মোট গাড়ির মাত্র ৫ শতাংশ ছিল ইলেকট্রিক ভেহিকেল। তবে এই সময়ে ইভি গাড়ির বিক্রি ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ১৫,৫০০ ইউনিটে দাঁড়িয়েছে। টেসলার মতো আন্তর্জাতিক সংস্থার প্রবেশ এই বাজারে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।