টেকনিশিয়ান থেকে কোটিপতি! মাত্র একটি টিকিটেই ৩৫ কোটি জিতে রাতারাতি ভাগ্য বদল

একটি লটারির টিকিট! আর তাতেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন উত্তরপ্রদেশের এক যুবক। দুবাইয়ে কর্মরত ৩০ বছর বয়সী সন্দীপ কুমার প্রসাদ একটি লটারি জিতে প্রায় ৩৫ কোটি টাকা (৪০ লাখ দিরহাম) পেয়েছেন। তার এই অভাবনীয় সৌভাগ্যের খবর শুনে অনেকেই হতবাক।
পেশায় একজন টেকনিশিয়ান সন্দীপ গত তিন বছর ধরে দুবাইতে কাজ করছেন। গত ১৯ আগস্ট তিনি তার বন্ধুদের সঙ্গে একটি লটারির টিকিট (নম্বর: ২০০৬৬৯) কেনেন। তিন মাস ধরে নিয়মিত লটারি কেটে আসছিলেন তিনি, কিন্তু কখনো ভাবেননি যে এমন অপ্রত্যাশিত জয় আসবে। লটারির কর্তৃপক্ষ যখন তাকে ফোন করে খবরটি জানায়, প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি। ভেবেছিলেন, কেউ তার সঙ্গে মজা করছে। পরে যখন সত্যিটা জানতে পারেন, তখন তার আনন্দের সীমা ছিল না।
সন্দীপ কুমার প্রসাদ জানান, তিনি বিবাহিত এবং তার বাবা, দুই ভাই ও এক বোন রয়েছে। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। এই বিপুল টাকা দিয়ে তিনি সবার আগে বাবার উন্নত চিকিৎসা করানোর কথা জানিয়েছেন। এছাড়াও, তার স্বপ্ন হলো দুবাইয়ের কাজ ছেড়ে ভারতে ফিরে নিজের ব্যবসা শুরু করা। সন্দীপের কথায়, “জীবনে এই প্রথম এত খুশি হয়েছি।”
যারা ভাগ্যের সন্ধানে লটারি কাটেন, তাদের উদ্দেশে সন্দীপ বলেন, “যদি চেষ্টা করো, তোমরাও জিতবে।” একজন সাধারণ টেকনিশিয়ান, যিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন, আজ সেই সন্দীপ কোটিপতি হয়ে লাখো মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।