সোনার গহনা লুট করল মালিক নিজেই…! পানিহাটিতে চাঞ্চল্য, ১ দুষ্কৃতী-সহ গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী

সোনা চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পানিহাটিতে। জানা গিয়েছে, চুরির গয়না উদ্ধার করতে গিয়ে পুলিশ জানতে পারে, সোনার দোকানের মালিক নিজেই এই চুরির সঙ্গে জড়িত। এই ঘটনায় পুলিশ মূল দুষ্কৃতী-সহ ওই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ৬ই আগস্ট পানিহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর এলাকায় মদ্যপানের প্রতিবাদ করায় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। তারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে এবং বহু মূল্যবান সোনার গয়না লুট করে নিয়ে যায়। এরপরই স্থানীয়রা ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। কিছুদিনের মধ্যেই এই হামলার মূল চক্রী রাম সমাদ্দারকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাম জানায়, এই হামলার পেছনে তার সঙ্গে আরও একজন জড়িত। তার নাম তাপস দাস। তাপস এলাকায় একজন স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পুলিশের সন্দেহ হয়, রাম হয়তো চুরি করা গয়নাগুলো তাপসের কাছে বিক্রি করেছে। এরপরই তারা তাপসের দোকানে অভিযান চালায়। সেখানে তারা চুরি যাওয়া গয়নাগুলি খুঁজে পায়। প্রমাণ হাতে পেয়ে পুলিশ শুক্রবার তাপসকে গ্রেফতার করে। রামের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই স্বর্ণ ব্যবসায়ীর আসল পরিচয় সামনে আসে।
আপাতত দুই অভিযুক্তকেই ছয় দিনের পুলিশি হেফাজতের জন্য ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।