অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা এখনও কেন পাননি? ভুল সংশোধনের উপায় জেনে নিন

১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা বন্টন শুরু হলেও, ১ কোটিরও বেশি মহিলা টাকা পেলেও অনেকেরই অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। প্রায় ১.৬ কোটি আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল বা ‘আন্ডার ইনকোয়ারি’-র তালিকায় পড়ে যাওয়ায় তৈরি হয়েছে জটিলতা। ঠিক কী কী কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আটকে থাকতে পারে, তার একটি তালিকা প্রকাশ করেছে প্রশাসন।
কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? জেনে নিন প্রধান ৫ কারণ:
১. ডিবিটি (DBT) সক্রিয় না থাকা: অন্নপূর্ণা যোজনার টাকা শুধুমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হয় যার সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক করা আছে। যদি আপনার ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে তা সক্রিয় করুন।
২. নামের বানানে অমিল: অনেক ক্ষেত্রে আধার কার্ড এবং ব্যাঙ্কের নথিতে নামের বানানে অমিল থাকার কারণে টাকা ক্রেডিট হচ্ছে না। আধারে দেওয়া নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানান হুবহু মিলছে কি না, তা আবারও যাচাই করে দেখুন।
৩. তথ্য গোপনের চেষ্টা: প্রশাসন সূত্রে খবর, কিছু আবেদনকারী ফর্ম ফিলাপের সময় প্রয়োজনীয় তথ্য গোপন করেছিলেন। ভেরিফিকেশনের সময় সেই জালিয়াতি ধরা পড়ায় ওই আবেদনগুলি সরাসরি বাতিল করা হয়েছে।
৪. ফর্মে ভুল তথ্য: অনিচ্ছাকৃত ভুলের কারণেও অনেক আবেদন আটকে আছে। প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই ফর্মে ভুল সংশোধনের জন্য ‘এডিট অপশন’ দেওয়া হবে। সেই অপশন চালু হলে দ্রুত নিজের ভুল ঠিক করে নিতে হবে।
৫. জাল নথি জমা দেওয়া: জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী সার্টিফিকেট বা অন্যান্য নথিপত্র জাল প্রমাণিত হলে আবেদন বাতিল করা হয়েছে। এই ধরনের ভুল তথ্য দিলে ভবিষ্যতে টাকা পাওয়ার সুযোগ নেই।
প্রশাসনের পরবর্তী পদক্ষেপ: যাদের তথ্য বর্তমানে ‘আন্ডার ইনকোয়ারি’ বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে সরকারি কর্মীরা প্রয়োজনে বাড়ি গিয়ে নথি যাচাই করতে পারেন। সব কিছু সঠিকভাবে যাচাই হওয়ার পরেই বকেয়া টাকা সংশ্লিষ্ট সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
বিশেষ পরামর্শ: আপনার আবেদন যদি ভেরিফিকেশনের অপেক্ষায় থাকে, তবে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরুন। ভবিষ্যতে ‘এডিট অপশন’ এলে নিজের নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য পুনরায় মিলিয়ে সংশোধন করে নিন। সরকারি পোর্টালের আপডেটের দিকে সবসময় নজর রাখুন।