“অনেক বড় মিশন করে এসেছে…”-মহাকাশ থেকে সফল প্রত্যাবর্তন শুভাংশুর, দেশজুড়ে আনন্দের ঢেউ

ভারতের মহাকাশ কর্মসূচিতে এক নতুন অধ্যায় রচিত হলো। দীর্ঘ ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) কাটানোর পর ভারতের নভোচর শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিওম-৪ মিশনের আরও তিন মহাকাশচারী সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় মঙ্গলবার বিকেল ৩.০১ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। এই মুহূর্তটি নিঃসন্দেহে ভারতের জন্য এক বিরাট গর্বের।

ড্রাগন ক্যাপসুলটি চারটি প্যারাসুটের সাহায্যে সমুদ্রে নামে। এরপর ক্যাপসুলটিকে জল থেকে সরিয়ে একটি বিশেষ রিকভারি জাহাজে রাখা হয়, যেখান থেকে মহাকাশচারীদের নিরাপদে বের করে আনা হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে।

লখনউতে শুভাংশু শুক্লার বাবা শম্ভু দয়াল শুক্লা এবং মা আশা শুক্লা তাঁদের ছেলের ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুভাংশু পৃথিবীতে নামতেই শুক্লা দম্পতি আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখে জল নিয়েই মা আশা শুক্লাকে বলতে শোনা যায়, “অনেক বড় মিশন করে এসেছে আমাদের ছেলে।”

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার পুরো পরিবার, উত্তর প্রদেশের রাজধানী লখনউতে উপস্থিত ছিলেন। শুভাংশুরা ফিরতেই সকলে তেরঙ্গা উড়িয়ে আনন্দে নাচতে শুরু করেন। শুভাংশুর মা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি কাঁদতে শুরু করেন। তাঁদের এই বাঁধভাঙা আনন্দ এবং গর্বের মুহূর্তটি গোটা দেশের মানুষের মন ছুঁয়ে গেছে।

অ্যাক্সিওম-৪ মিশনের দল
শুভাংশু শুক্লার সঙ্গে এই মিশনে আরও তিনজন মহাকাশচারী ছিলেন। নাসার প্রাক্তন মহাকাশচারী এবং অ্যাক্সিওম স্পেসের মানব মহাকাশ ফ্লাইটের পরিচালক পেগি হুইটসন এই মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ইসরো মহাকাশচারী শুভাংশু শুক্লা পাইলট হিসেবে কাজ করেছেন। এছাড়াও, পোল্যান্ডের স্লাভোস উজানানস্কি-উইলনিউস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু মিশন বিশেষজ্ঞ হিসেবে এই ঐতিহাসিক যাত্রায় অংশ নেন।

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা গত ২৫ জুন ফ্যালকন ৯ রকেটের সাহায্যে তাঁর মহাকাশ যাত্রা শুরু করেন। এর একদিন পর, ২৬ জুন, তাঁর মহাকাশযানটি সফলভাবে আইএসএস-এর সঙ্গে সংযুক্ত হয়, যেখানে তিনি পরবর্তী ১৮ দিন ধরে বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করেন।

মহাকাশে গুরুত্বপূর্ণ গবেষণা
আইএসএস-এ থাকাকালীন, শুভাংশু শুক্লা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে মহাকাশে ফসল চাষের উপায় নিয়ে গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও অন্তর্ভুক্ত ছিল। তাঁর এই অবদান ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান প্রমাণিত হবে।

শুভাংশু শুক্লার এই সফল প্রত্যাবর্তন ভারতের মহাকাশ কর্মসূচির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এবং দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।