‘অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু…?!”-ভাইরাল সেই মন্তব্য মনে করিয়ে দিলেন অভিনেতা

রাজনীতির ময়দানে কড়া কথার লড়াই চললেও, রবিবার সকালে শহর কলকাতার বুকে ধরা পড়ল এক অন্য ছবি। অভিনেতা তথা প্রযোজক অনুপম খের এবং বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের সাক্ষাৎ ঘিরে তৈরি হলো হাসির রোল। মূলত শমীক ভট্টাচার্যের এক পুরনো ‘ভাইরাল’ মন্তব্যের সূত্র ধরেই এই মজার কথোপকথন জমে ওঠে।

কিছুদিন আগে শমীক ভট্টাচার্য বলেছিলেন, “অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু বাংলায় অন্য সরকার ক্ষমতায় আসতে পারবে না।” রবিবার অনুপম খেরের সঙ্গে দেখা হতেই অভিনেতা স্বয়ং সেই প্রসঙ্গটি তোলেন। এর উত্তরে শমীক হেসে জানান, “তখন ভোটের বাজার ছিল। রাজনৈতিক ভাষণ শুনতে শুনতে মানুষ একঘেয়ে হয়ে যায়, তাই মাঝে মাঝে মজার কথা বলতে হয়।” তবে নিজের রাজনৈতিক অবস্থানের ওপর অনড় থেকে তিনি ফের যোগ করেন, “গঙ্গার জল রাইটার্সে ঢুকে যেতে পারে, কিন্তু তৃণমূল আর চতুর্থবার ক্ষমতায় ফিরছে না—এই দাবি আমি সেদিনও করেছি, আজও করছি।” শমীকের এই রসিকতাপূর্ণ অথচ রাজনৈতিক বার্তায় হেসে ফেলেন অনুপম।

 দীর্ঘ ২৬ বছর পর টলিউডে ফিরছেন অনুপম খের। অভিনেতা নয়, বরং প্রযোজক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। রবিবার সকালে কালীঘাট মন্দিরে মা কালীর আশীর্বাদ নিয়ে তিনি নিজের সফরের সূচনা করেন।

শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ:

সফরের অন্যতম হাইলাইট ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে অনুপম খেরের বৈঠক। শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে অনুপম জানান, “উনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। বাংলার মানুষের উন্নতি এবং শিল্প-বাণিজ্য ক্ষেত্রে পরিবর্তন আনতে ওঁর সদিচ্ছা রয়েছে।” অভিনেতা আরও আশা প্রকাশ করেন যে, আগামী দিনে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ আসবে এবং শিল্প-বাণিজ্যের প্রসারে রাজ্য আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।