পঞ্জাবি সঙ্গীতপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। গত এক সপ্তাহ ধরে পঞ্জাবের যে জনপ্রিয় গায়িকার সন্ধানে পুলিশ ও পরিবার হন্যে হয়ে খুঁজছিল, মিলল তাঁর নিথর দেহ। লুধিয়ানার নীলো খালের (Neelon Canal) জলে এক মহিলার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহটি উদ্ধার করার পর জানা যায়, সেটি নিখোঁজ পঞ্জাবি গায়িকা ইন্দর কৌর ওরফে যশিন্দর কৌরের দেহ।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ দিন আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান ইন্দর কৌর। বহু খোঁজাখুঁজির পরেও তাঁর হদিশ না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। গায়িকাকে কেউ বা কারা অপহরণ করেছিল কি না, তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। আর তার মাঝেই এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দেহটি বেশ কিছুদিন ধরে জলের নিচে ছিল। তবে এটি কোনো আকস্মিক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে কোনো সুপরিকল্পিত অপহরণ ও ঠান্ডা মাথার খুন— তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। এই হাইপ্রোফাইল মৃত্যুর ঘটনায় পঞ্জাব পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করতে পারে বলে জানা গেছে।





