নির্বাচনী বিধি ও আইনি জটিলতা নিরসনে গঠিত অ্যাপিল ট্রাইব্যুনাল সোমবার থেকেই পুরোদমে কাজ শুরু করে দিল। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত মেলার পরই শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট ভবনে এই ট্রাইব্যুনাল ফাংশনাল হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনেই ১৯ জন বিচারবিভাগীয় আধিকারিকের মধ্যে ১৬ জন কাজে যোগ দিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিচার প্রক্রিয়ার প্রাথমিক কাজ চলেছে।
ট্রাইব্যুনালের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে নির্বাচন কমিশন একটি বিশেষ টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫০০৮ চালু করেছে। আগামী ৪ মে পর্যন্ত এই নম্বরটি সক্রিয় থাকবে। এছাড়া একটি নতুন ই-মেল আইডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা আইন-শৃঙ্খলা বিষয়ক যে কোনও অভিযোগ জানানো যাবে। উল্লেখ্য, মালদহের মোথাবাড়ির মতো অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিচারকদের সুরক্ষায় এই বাড়তি নজরদারি।
এদিকে, ট্রাইব্যুনালে আবেদনকারী ৩৪ লক্ষ ভোটারকে এবারের নির্বাচনে অন্তর্বর্তীকালীন ভোটাধিকার দেওয়ার আর্জি জানিয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে সুপ্রিম কোর্ট এই আর্জি খারিজ করে দিয়েছে। অন্যদিকে, ট্রাইব্যুনালের পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ১০০টিরও বেশি কম্পিউটার ও আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে দ্রুত শুনানির কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য।





