বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে যাওয়ার সাথে সাথেই এবার বড়সড় বদল আসতে চলেছে সরকারি প্রকল্পেও। দীর্ঘদিনের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও রাজ্যের কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের পরই কি চিরতরে বন্ধ হয়ে গেল এই প্রকল্প? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। তবে এরই মাঝে আশার আলো দেখাচ্ছে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’।
বিজেপির ইশতেহারে সবথেকে আকর্ষণীয় প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই তৈরি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রাপ্তবয়স্ক মহিলাকে মাসে ৩০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছিল বঙ্গ বিজেপি। যেখানে আগের সরকার সাধারণ শ্রেণির মহিলাদের ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ১৭০০ টাকা দিত, সেখানে নতুন সরকার সরাসরি দ্বিগুণ বা তারও বেশি টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। আর এই বিপুল পরিমাণ অর্থের আশায় বুক বাঁধছেন বাংলার মায়েরা।
আজ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক। রাজনৈতিক মহলের ধারণা, এই প্রথম বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কোনও ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। মে মাসেই কি এই প্রকল্পের কাজ শুরু হবে? কবে থেকে ফর্ম ফিলআপ হবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। মনে করা হচ্ছে, চলতি মাসের শেষ দিকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু হতে পারে। সে ক্ষেত্রে জুন মাস থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩০০০ টাকা ঢুকতে শুরু করবে।
তবে একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে—লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা কি সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন? বিজেপি সূত্রের খবর, অনেক যোগ্য মহিলা আগের সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। আবার অভিযোগ ছিল, শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠরাই এই সুবিধা পেতেন। সেই পক্ষপাতদুষ্টতা দূর করতে নতুন করে ফর্ম ফিলআপ করানো হতে পারে। নবান্ন বা অনলাইনের মাধ্যমে স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। যদিও মুখ্যমন্ত্রী বা তাঁর দফতর থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি। তবে আজকের বৈঠকের পর বাংলার অন্দরে যে বড় কোনও ঘোষণা আসতে চলেছে, তা বলাই বাহুল্য।





