রাইটার্সের দ্বিতীয় তলায় বসবেন নতুন মুখ্যমন্ত্রী? বড় চমক দিতে পারে নতুন সরকার

বাংলায় ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই কি বদলে যাচ্ছে রাজ্যের প্রশাসনিক সদর দফতর? গত কয়েকদিন ধরে এই প্রশ্নেই তোলপাড় নবান্ন থেকে বিবাদী বাগ। রাজনৈতিক পটপরিবর্তনের আবহে প্রশাসনিক অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে— ফের গুরুত্ব ফিরছে হেরিটেজ ভবন ‘রাইটার্স বিল্ডিং’-এর। সব ঠিক থাকলে গঙ্গার তীরের নবান্ন ছেড়ে ফের লালবাড়িতেই ফিরতে পারে মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয়।

পূর্ত দফতর (PWD) সূত্রে খবর, নতুন সরকার যদি সচিবালয় শহরের কেন্দ্রস্থলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, তবে কয়েক সপ্তাহের মধ্যেই রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর দফতর চালু করা সম্ভব। বর্তমানে এই ঐতিহাসিক ভবনের দ্বিতীয় তলাটিকে প্রশাসনিক কাজের জন্য সবথেকে উপযুক্ত বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যেই দ্বিতীয় তলার মেঝে তৈরির কাজ এবং সংস্কারের বড় অংশ শেষ হয়েছে। বাকি রয়েছে শুধু অভ্যন্তরীণ সাজসজ্জা ও বৈদ্যুতিক সংযোগের কাজ।

পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “দ্বিতীয় তলার নির্দিষ্ট অংশটি বেশ প্রশস্ত এবং খোলামেলা। এখান থেকে বিবাদী বাগ চত্বরের দৃশ্য যেমন পরিষ্কার দেখা যায়, তেমনই এটি নিরাপত্তা ও প্রশাসনিক কাজের জন্য আদর্শ। তবে চূড়ান্ত নকশা কেমন হবে, তা নির্ভর করবে হবু মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনীয়তার ওপর।”

কৌতূহলের বিষয় হল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দফতর ছিল রাইটার্সের প্রথম তলায়। কিন্তু বর্তমানে প্রথম তলার তুলনায় দ্বিতীয় তলার সংস্কারের কাজ অনেকটা এগিয়ে রয়েছে। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের পুরনো ঘরের বদলে দ্বিতীয় তলা থেকেই কাজ শুরু হতে পারে।

১৭৮০ সালে নির্মিত এই ২৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ভবনটি বাংলার ইতিহাসের অন্যতম স্তম্ভ। ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয় হাওড়ার নবান্নতে সরিয়ে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত এটিই ছিল প্রশাসনিক কেন্দ্র। ১৯৩০ সালে বিনয়-বাদল-দীনেশের অলিন্দ যুদ্ধের সাক্ষী এই লালবাড়িকে ফের তার পুরনো গরিমা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নতুন প্রশাসন।

১০২ কোটি টাকার এই বিশাল সংস্কার প্রকল্পে ভবনের প্রাচীন কাঠামো অক্ষুণ্ণ রেখেই আধুনিকীকরণের কাজ চলছে। এখন দেখার, শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী কি ফের সেই পুরনো রীতি মেনে লালবাড়িতেই পা রাখেন কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy