ভারতীয় বাজারে বড় পরিবারের উপযোগী ৭-সিটার গাড়ির চাহিদা এখন তুঙ্গে। এপ্রিল ২০২৬-এর বিক্রির পরিসংখ্যান অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। গত মাসে এই সেগমেন্টে মোট ৪২,৫৪২টি গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। তবে সমস্ত প্রতিযোগীকে টেক্কা দিয়ে রাজকীয় মেজাজে শীর্ষে রয়েছে মারুতি সুজুকি আরটিগা।
এপ্রিল মাসে ১৯,০৬৩ জন নতুন গ্রাহক আরটিগা বেছে নিয়েছেন, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ প্রবৃদ্ধি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টয়োটা ইনোভা। ৯,৬৩০টি ইউনিট বিক্রির মাধ্যমে ইনোভা গত বছরের তুলনায় ২৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত করেছে। তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছে কিয়া ক্যারেন্স ক্লাভিস; গত মাসে এর ৫,৪৬৫টি ইউনিট বিক্রি হয়েছে।
অন্যদিকে, মারুতি সুজুকি এক্সএল৬-এর ভাগ্যে জুটেছে হতাশা। গত বছরের তুলনায় এর বিক্রি প্রায় ১৪.৮ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩,৫২৭ ইউনিটে। তালিকার পঞ্চম স্থানে চমক দিয়েছে টয়োটা রুমিওন, যার ২,৫৮৫টি ইউনিট বিক্রি হয়েছে। এছাড়াও রেনো ট্রাইবার (১,৯১৭), মারুতি ইনভিকটো (২৩৭) এবং টয়োটা ভেলফায়ার (১১৮) নিজেদের মতো করে বাজার ধরে রাখার চেষ্টা করছে।





