নিষিদ্ধ হবে না তো ‘আখরি সওয়াল’? ছেলের ছবি মুক্তির মঞ্চ থেকে ‘বেঙ্গল ফাইলস’ নিয়ে মেজাজ হারালেন মিঠুন!

নতুন ভারত গড়ার সংকল্প নিয়ে আগামী ১৫ মে মুক্তি পেতে চলেছে বলিউড ছবি ‘আখরি সওয়াল’। তার আগে বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হলো ছবির জমকালো প্রচার অনুষ্ঠান। আর সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজনীতির ময়দান ও টলিউড— দুই জায়গাতেই কার্যত ‘অগ্নিবৃষ্টি’ করলেন সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

মমতাকে তীব্র কটাক্ষ ও ‘হড়কে’ যাওয়ার তত্ত্ব

এদিন অনুষ্ঠানের শুরু থেকেই মেজাজে ছিলেন মহাগুরু। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান। মিঠুন বলেন, “এত তেল মাখানো ভালো নয়। বেশি তেল মাখাতে গিয়ে আজ নিজেই হড়কে গেলেন। এটাই হয়, কর্ম কাউকে ছাড়ে না। কর্মফল পেতেই হবে।” তাঁর এই মন্তব্য যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিপর্যয়ের দিকে ইঙ্গিত করছে, তা নিয়ে কোনো সংশয় নেই বিশ্লেষকদের।

‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্ক ও সেন্সরশিপ

শুধু রাজনীতি নয়, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটির প্রদর্শন রুখে দেওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন মিঠুন। তিনি প্রশ্ন তোলেন, “স্বাধীনতার আগের প্রেক্ষাপটে তৈরি ছবি নিয়েও এত ভয় কিসের? কেন এই শহরে তা রিলিজ করতে দেওয়া হলো না?” তাঁর মতে, ‘আখরি সওয়াল’-এর মতো ছবি আজ দেশে খুব প্রয়োজন। এই ছবি কেবল বিনোদন নয়, বরং প্রশ্ন তুলতে শেখায়।

ছেলের পাশে বাবা মিঠুন

কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তীর অভিনয় ক্যারিয়ার নিয়ে আপ্লুত সুপারস্টার জানান, তাঁর কোনো সহায়তা ছাড়াই নমশি ধাপে ধাপে এগোচ্ছে। এদিন নমশি নিজেও বাংলা সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে বলেন, “বাবা সবসময় বলেন পরিশ্রম আর সম্মান দিয়ে কাজ করতে। আমি অবশ্যই ভবিষ্যতে বাংলা ছবি করব।”

কী আছে এই ছবিতে?

পরিচালক অভিজিৎ মোহন ওয়ারাং-এর এই ছবিতে সঞ্জয় দত্তকে দেখা যাবে অধ্যাপক গোপাল নাদকার্নির চরিত্রে। তাঁর জটিল ও রহস্যময় অতীতকে নিয়ে প্রশ্ন তুলবেন কলেজ পড়ুয়া ভিকি হেগড়ে থুড়ি নমশি চক্রবর্তী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সমীরা রেড্ডি ও ত্রিধা চৌধুরী। সমীরা স্বীকার করেন, রাজনীতি নিয়ে তাঁর ভয় থাকলেও এই স্ক্রিপ্ট পড়ার পর তিনি বুঝেছেন যে কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে।

অ্যাকশন, রহস্য আর আবেগের মোড়কে তৈরি ‘আখরি সওয়াল’ নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। ছবিটির রাজনৈতিক কানেকশন নিয়ে গুঞ্জন থাকলেও নির্মাতাদের দাবি, এই ছবি যে কোনো সময়ের জন্যই প্রাসঙ্গিক। এখন দেখার, ১৫ মে প্রেক্ষাগৃহে ‘আখরি সওয়াল’ দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy