২০২৬-এর মেগা লড়াইয়ের আগে রাজ্যে বড়সড় পরিবর্তন ভোটার তালিকায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ৭ লক্ষ নতুন বৈধ ভোটার। ফর্ম-৬-এর মাধ্যমে জমা পড়া আবেদনের পাহাড় যাচাই-বাছাইয়ের পর এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি কি নতুন ভোটার হওয়ার আবেদন করেছিলেন? তবে আজই দেখে নিন আপনার নাম তালিকায় উঠেছে কি না।
রেকর্ড সংখ্যক নতুন নাম
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মোট ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন নতুন ভোটার তালিকায় জায়গা করে নিয়েছেন।
প্রথম দফায়: ৩ লক্ষ ২২ হাজার ১৭ জন।
দ্বিতীয় দফায়: ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, জমা পড়া আবেদনের সিংহভাগই বৈধ বলে বিবেচিত হয়েছে এবং তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার নাম তালিকায় আছে কি না কীভাবে দেখবেন?
সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি ঘরে বসে আপনার নাম চেক করতে পারেন:
১. অফিসিয়াল ওয়েবসাইট: জাতীয় নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in) অথবা ভোটার সার্ভিস পোর্টাল (voters.eci.gov.in) ভিজিট করুন। ২. রাজ্য নির্বাচন কমিশনের সাইট: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) থেকেও নাম দেখা যাবে। ৩. ধাপসমূহ: পোর্টালে গিয়ে ‘West Bengal’ ও ‘2026’ অপশন বেছে নিন। এরপর ‘SIR Supplementary’ অপশনে ক্লিক করতে হবে। ৪. এপিক নম্বর: আপনার ভোটার কার্ড বা এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করলেই স্ক্রিনে আপনার নাম ভেসে উঠবে। ৫. অ্যাপের সুবিধা: আপনি মোবাইলে ‘ECI Net App’ ব্যবহার করেও তালিকাটি দেখে নিতে পারেন।
নতুন ভোটারদের গুরত্ব
ভোট বিশেষজ্ঞদের মতে, এই ৭ লক্ষ নতুন ভোটার এবারের বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন। বিশেষ করে তরুণ ভোটারদের বড় অংশই এবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন, যা অনেক কেন্দ্রের জয়-পরাজয়ের সমীকরণ বদলে দিতে পারে।
তাই আর দেরি না করে এখনই চেক করে নিন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় ঠিকঠাক আছে কি না।





