বেলপাতায় দুর্গাপ্রতিমা বানিয়ে রেকর্ড! সোনারপুরের এই শিল্পীর জাদুতে মুগ্ধ সবাই

সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা জয়মাল্য মন্ডল তার সৃজনশীলতার জাদু দিয়ে আবারও সবাইকে অবাক করেছেন। এ বছর তিনি সম্পূর্ণ বেলপাতা দিয়ে এক অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করেছেন। প্রায় সাড়ে পাঁচশ’র বেশি বেলপাতা ব্যবহার করে তৈরি এই প্রতিমা ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে।
প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই এক অনন্য শিল্পী
সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই শিল্পের প্রতি আগ্রহী। কোনো প্রথাগত প্রশিক্ষণ না নিয়েও তিনি প্রতিবারই নতুন নতুন জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দেন। এর আগে দেশলাই কাঠি, তেজপাতা এবং মাটি দিয়েও তিনি প্রতিমা তৈরি করেছিলেন। এবার বেলপাতা দিয়ে প্রতিমা তৈরি করে তিনি তার শিল্প প্রতিভাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। পাতাগুলো যাতে শুকিয়ে না যায়, তার জন্য তিনি বিশেষভাবে রং করে সংরক্ষণ করেছেন।
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান
জয়মাল্যের এই অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। তার তৈরি প্রতিমাটি বাড়ির ঠাকুরের আসনের কাছেই রাখা আছে। পুজোর সময় সেখানে সমস্ত নিয়ম মেনে দেবীর আরাধনা করা হবে।
পরিবারের সদস্যরা জয়মাল্যের এই অনন্য প্রতিভায় ভীষণ খুশি এবং গর্বিত। তাদের আশা, সামনে আরও বড় মঞ্চে পৌঁছাবে তার এই প্রতিভা। জয়মাল্যের এই উদ্যোগ প্রমাণ করে, দুর্গাপুজো শুধু ভক্তির উৎসব নয়, শিল্প এবং কল্পনারও এক অপূর্ব মেলবন্ধন। এবারের পুজোয় তাই বেলপাতার দুর্গাই হয়ে উঠেছে সোনারপুরের অন্যতম আকর্ষণ।