ভবানীপুরে নিজের ঘরের মাঠে প্রচারের শেষ লগ্নে সুর সপ্তমে চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর এই মহাযুদ্ধে বাংলার মসনদ টিকিয়ে রাখতে এবার ‘বুলডোজার’ ও ‘দাঙ্গা’র প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী। সোমবার ভবানীপুরের এক জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন, বিজেপি যদি কোনওভাবে ক্ষমতায় আসে, তবে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজার সংস্কৃতি চালু হবে এবং রাজ্যজুড়ে অশান্তি-দাঙ্গা ছড়িয়ে দেওয়া হবে।
এদিন প্রচারের ময়দানে মমতা বলেন, “ওরা শুধু ভাগাভাগি করতে জানে। বাংলায় বিজেপি আসা মানেই বুলডোজার চলা, বাংলায় বিজেপি আসা মানেই দাঙ্গা।” নিজের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে তিনি সাফ জানান, এই লড়াই কেবল উন্নয়নের নয়, এই লড়াই বাংলার সংস্কৃতি আর সম্প্রীতি বাঁচানোর। এদিন বিজেপির মাইক বিভ্রাট নিয়ে মেজাজ হারিয়ে সভা মাঝপথেই ছেড়ে যাওয়ার উপক্রম করেছিলেন নেত্রী, পরে সেখান থেকেই পাল্টা আক্রমণ শানান।
দ্বিতীয় দফার ভোট নিয়ে বড় দাবি:
আগামী ২৯ তারিখ রাজ্যের ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোট। তার আগেই আত্মবিশ্বাসী মমতা দাবি করেন, প্রথম দফার ১৫২টি আসনেই তৃণমূল এগিয়ে রয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে জোড়াফুলে ভোট দিয়েছে। তাঁর দাবি, বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করলেও বাংলার মানুষ মাথা নত করবে না। একইসঙ্গে দ্বিতীয় দফার ভোটেও তৃণমূলের বড় জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানান।





