নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ওরফে ‘বালেন’-এর সমালোচনা করে ইউটিউবে ভিডিও পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন সাংবাদিক ও ইউটিউবার রোশন পোখরেল। পূর্ব নেপালের পাঁচথর জেলা থেকে গত ৯ এপ্রিল তাঁকে আটক করে সাইবার ব্যুরো। অভিযোগ ছিল, তিনি তাঁর ‘হেডিস’ (Hades) চ্যানেলে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন। আদালতের নির্দেশে ১০ দিনের রিমান্ড মঞ্জুর হলেও, ঘটনাটি ঘিরে নেপাল জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
বিশেষ করে নেপালের তরুণ প্রজন্ম এবং ‘জেন-জি’ কর্মীরা এই গ্রেফতারিকে বাকস্বাধীনতার কণ্ঠরোধ বলে অভিহিত করেন। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর পুরোনো বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরে পাল্টা আক্রমণ শুরু হয়। শেষ পর্যন্ত চারদিন পুলিশি হেফাজতে থাকার পর ১২ এপ্রিল রোশন পোখরেলকে মুক্তি দেওয়া হয়। পুলিশ স্বাস্থ্য ও জনরোষের কারণ দেখালেও, এই ঘটনাকে নেপালের তরুণ সমাজের বিজয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। তবে তদন্ত চলাকালীন প্রয়োজনে তাঁকে পুলিশের কাছে হাজিরা দিতে হবে।





