“এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়!”-বাংলাদেশের সমর্থনে মুখ খুললো পাকিস্তান

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় ভূমিকম্প ক্রিকেট মহলে। সুরক্ষার দোহাই দিয়ে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ থেকে সরকারিভাবে সরে দাঁড়াল বাংলাদেশ। শনিবার দুপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) সাফ জানিয়ে দিয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলানো হবে স্কটল্যান্ডকে। বাংলাদেশের এই চরম সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

কেন এই বয়কট? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, ভারতে খেলতে আসা নিয়ে তাদের গভীর নিরাপত্তাজনিত উদ্বেগ ছিল। সেই আশঙ্কার কথা আইসিসি-কে জানানো হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ইউনূসের দেশের ক্রিকেট বোর্ডের। এরপরই খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বিসিবি সিদ্ধান্ত নেয় যে, তারা ভারতে দল পাঠাবে না। বিষয়টি আইসিসি-র ‘ডিসপিউট রেজলিউশন কমিটি’ পর্যন্ত গড়ালেও শেষরক্ষা হয়নি। আইনি পর্যালোচনার পর আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশের দাবি ধোপে টেকে না।

নাজম শেঠির বিস্ফোরক মন্তব্য: বাংলাদেশের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি কার্যত যুদ্ধংদেহি মেজাজে অবতীর্ণ হয়েছেন। তিনি বলেন, “আইসিসি-র উচিত নয় ভারতের ইচ্ছার কাছে নতিস্বীকার করা। অন্যান্য দেশগুলোরও বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।” বর্তমান পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভিকে উদ্দেশ্য করে শেঠি বলেন, “এখন দেখার বিষয় পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়। বিশ্বের বাকি দেশগুলো একজোট হলে আইসিসি বুঝবে যে এটি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, এটি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’।”

শাস্তির মুখে বাংলাদেশ? ভারত তথা আইসিসি-র বিরুদ্ধে সরাসরি সংঘাতে গিয়ে বাংলাদেশ আদতে নিজেদের বিপদ ডেকে আনল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি এই ‘অসভ্যতা’র জন্য বিসিবি-র ওপর বড়সড় আর্থিক জরিমানা বা ভবিষ্যতে নির্বাসনের খাঁড়া নামিয়ে আনতে পারে। অন্যদিকে, বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ দাবি করেছেন, তাঁদের না জানিয়েই বোর্ড এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিলেও, বাংলাদেশের এই প্রস্থান ক্রিকেট রাজনীতিতে ভারত-পাকিস্তান-বাংলাদেশ সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy