২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই এবার মাস্টারস্ট্রোক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বাঁকুড়ার কাশীপুরের জনসভা থেকে রাজ্যের নারীশক্তির মন জিততে একগুচ্ছ বড় ঘোষণা করলেন তিনি। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে টেক্কা দিতে শুভেন্দুর এই নতুন ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
শুভেন্দুর ‘নারী উন্নয়ন’ প্রতিশ্রুতি: এদিন বাঁকুড়ার সভা থেকে শুভেন্দু স্পষ্ট জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হবে। তাঁর প্রধান ঘোষণাগুলো হলো:
৩০০০ টাকা ভাতা: প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
উচ্চশিক্ষায় বড় অনুদান: রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষার জন্য এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বিনামূল্যে বাস যাত্রা: রাজ্য সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য কোনো টিকিট লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সফরের সুযোগ মিলবে।
নিরাপত্তায় নজিরবিহীন ব্যবস্থা: আর্থিক সাহায্যের পাশাপাশি রাজ্যের নারী সুরক্ষা নিয়েও বড় আশ্বাস দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তার অভাব ঘোচাতে বিজেপি সরকার নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করবে। শুভেন্দুর দাবি, বর্তমান শাসনে মহিলারা সুরক্ষিত নন, তাই ক্ষমতার পরিবর্তন হলে আধুনিক প্রযুক্তির সাহায্যে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।
রাজনৈতিক লড়াই তুঙ্গে: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বর্তমানে গ্রামীণ ও শহরতলির মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সেই ভোটব্যাঙ্কেই থাবা বসাতে ৩০০০ টাকা ভাতার টোপ দিলেন শুভেন্দু। একই সঙ্গে উচ্চশিক্ষা ও বিনামূল্যে বাস যাত্রার ঘোষণা মূলত ছাত্রছাত্রী ও কর্মজীবী মহিলাদের আকৃষ্ট করার চেষ্টা বলেই মনে করা হচ্ছে।
ভোটের মুখে শুভেন্দুর এই ‘কাশীপুর ঘোষণা’ বিজেপির পালে কতটা হাওয়া টানে, এখন সেটাই দেখার।





