“ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছেন স্বরূপ!”-ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবিতে গর্জে উঠলেন লকেট চট্টোপাধ্যায়

মেকআপ আর্টিস্টের করা শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন টলিপাড়ার দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর থেকেই বিনোদন জগতে শুরু হয়েছে ব্যাপক চর্চা। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পর শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

অভিযোগের পাহাড়: ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিল্পী ও কলাকুশলীদের হেনস্থা, হুমকি এবং মারধরের অভিযোগ ছিল। অভিযোগ, নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তিনি টলিপাড়ায় ‘থ্রেট কালচার’ তৈরি করেছিলেন। মেকআপ আর্টিস্টের করা সাম্প্রতিক অভিযোগে শ্লীলতাহানি, অশালীন আচরণ ও মারধরের মতো গুরুতর ধারা যুক্ত হয়েছে।

লকেটের হুঙ্কার: স্বরূপের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়া থেকে সরব হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজনীতির রং লাগিয়ে স্বরূপ বিশ্বাস গোটা বিনোদন জগতকে ধ্বংস করে দিয়েছেন। ফেডারেশনের নামে এখানে কেবল বিভাজনের রাজনীতি চলেছে।”

লকেট এখানেই থেমে থাকেননি। তিনি দাবি করেছেন, স্বরূপ বিশ্বাসের পাশাপাশি যাঁরা এতদিন তাঁর ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন এবং এই অপকর্মে মদত জুগিয়েছেন, তাঁদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এমনকি, এখন যাঁরা গা বাঁচানোর জন্য বিজেপির দিকে ঘেঁষার চেষ্টা করছেন, তাঁদেরও রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লকেট। সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, “স্বরূপের দাদা অরূপ বিশ্বাসের সময়ও শেষ হয়ে এসেছে।”

তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক: রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূল কংগ্রেস কার্যত ভাঙনের মুখে। তিনি বলেন, “তৃণমূল শেষ। আগামী দিনে এই দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বিধায়করা নিজেদের টাকা ও পদ বাঁচাতেই এখন ব্যস্ত।” তাঁর মতে, রাজ্যে কার্যত কোনো প্রকৃত বিরোধী শক্তি অবশিষ্ট নেই এবং শাসকদলের অবলুপ্তি এখন সময়ের অপেক্ষা।

টলিপাড়ায় স্বস্তির নিঃশ্বাস: বহুদিন ধরেই স্টুডিওপাড়ায় বকেয়া পারিশ্রমিক, টেকনিশিয়ানদের অসহযোগিতা এবং ব্যান কালচার নিয়ে অস্থিরতা চলছিল। শিল্পীদের একাংশের অভিযোগ, এই সবকিছুর নেপথ্যে ছিলেন স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তাঁর গ্রেপ্তারের পর টলিপাড়ার বড় অংশের কলাকুশলীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। যদিও স্বরূপ নিজে এখনও পর্যন্ত অভিযোগগুলি সরাসরি অস্বীকার করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy