বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার লখনউতে ‘এক পেড় মা কে নাম’ বৃক্ষরোপণ অভিযানের সূচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ রাজ্যের নাগরিকদের পরিবেশ রক্ষার জন্য পাঁচটি মূল শপথ গ্রহণের আহ্বান জানান।
বক্তৃতার মাঝেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘প্রতিটি বাড়িতে জলের কল’ প্রকল্প নিয়ে এক মজার ও ব্যঙ্গাত্মক মন্তব্য করে বসেন। তিনি বলেন, “আমরা প্রতিটি বাড়িতে জলের কল পৌঁছে দিচ্ছি, কিন্তু কেউ কেউ সেই কলগুলোই চুরি করছে। আবার কেউ কল খুলে রেখে জল অপচয় করছে।” মুখ্যমন্ত্রীর এই রসবোধপূর্ণ মন্তব্যে উপস্থিত শ্রোতারা হাসিতে ফেটে পড়েন।
পরিবেশ রক্ষায় মুখ্যমন্ত্রীর দেওয়া পাঁচটি সংকল্পের মধ্যে রয়েছে—প্রত্যেককে ধরিত্রী মাতার নামে অন্তত একটি গাছ লাগানো ও তার সুরক্ষা নিশ্চিত করা, জল সংরক্ষণকে জীবনের অংশ করে তোলা, জনস্বার্থে চুরি ও অপচয় রোধে সচেতন হওয়া, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বর্জন করা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনধারা গ্রহণ করা।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কেবল সরকারের উদ্যোগে পরিবেশ রক্ষা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনঅংশগ্রহণ। দ্রুত বর্ধনশীল দূষণ ও বনভূমি হ্রাসের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। শেষ বার্তায় যোগী বলেন, “পরিবেশ রক্ষা পেলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে তবেই সুরক্ষিত থাকবে সকল জীবজগৎ।”





