দেশজুড়ে রান্নার গ্যাসের (LPG) কালোবাজারি ও জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এখন থেকে গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছলে আর শুধু টাকা দিলেই হবে না, নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) দেখালে তবেই মিলবে গ্যাস। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই ‘ওটিপি-ভিত্তিক ডেলিভারি সিস্টেম’ কার্যকর করা হয়েছে।
তেল বিপণন সংস্থাগুলি (OMCs) আশ্বস্ত করেছে যে, দেশে বর্তমানে এলপিজি সিলিন্ডারের কোনো ঘাটতি নেই। কোনো ডিস্ট্রিবিউটর স্তরেই ‘ড্রাই-আউট’ বা সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অনলাইন বুকিং ব্যবস্থা বর্তমানে ৯৯ শতাংশ কার্যকর রয়েছে। নতুন নিয়মে, ডেলিভারি কর্মী বাড়িতে এলে গ্রাহকের মোবাইলে একটি কোড যাবে, যা যাচাই করার পরেই সিলিন্ডার হস্তান্তর সম্পন্ন হবে। এর ফলে সিলিন্ডার অন্য কোথাও পাচার হওয়া বা অন্য কারো হাতে চলে যাওয়ার ভয় থাকবে না।
পাশাপাশি, মজুতদারি রুখতে প্রতিটি এলাকায় ন্যূনতম ৮৫ থেকে ৯০ শতাংশ স্টক বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো এলাকায় স্টকের পরিমাণ এর নিচে নামলে দ্রুত সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ‘ডিস্ট্রিবিউশন অ্যাপ্রুভাল ক্লিয়ারেন্স’ (DAC) প্রক্রিয়াকেও আরও কঠোর করা হয়েছে, যাতে কোনো অসাধু ডিস্ট্রিবিউটর অতিরিক্ত স্টক সরিয়ে ফেলতে না পারে। সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষ নিশ্চিন্তে ও নায্য মূল্যে গ্যাস পাবেন বলে আশা করা হচ্ছে।





