“অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আবাসন যোজনা”—বাংলার ১৫ লক্ষ মহিলার জন্য মহূর্তের সুখবর

বাংলায় সরকার পরিবর্তনের পর এবার প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ও উন্নয়নের গতি বাড়াতে তৎপর নতুন বিজেপি সরকার। বৃহস্পতিবার দুর্গাপুরে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক শেষে একগুচ্ছ বড় ঘোষণা করলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী জুলাই মাস থেকেই কেন্দ্রের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প বাংলায় পুরোদমে চালু হয়ে যাবে। একই সঙ্গে রান্নার গ্যাসের সমস্যা দূর করতে রাজ্যের আরও ১৫ লক্ষ মহিলাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আনার কথা ঘোষণা করেছেন তিনি।

১ জুন থেকেই চালু হচ্ছে একগুচ্ছ মেগা প্রকল্প

মুখ্যমন্ত্রী জানান, বর্তমান বিজেপি সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাকে জুড়তে চলেছে। আগামী ১ জুন থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প রাজ্যে কার্যকর হতে শুরু করবে।

তালিকায় রয়েছে কোন কোন প্রকল্প?

  • অন্নপূর্ণা ভাণ্ডার (লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তিত ও বর্ধিত রূপ)

  • আয়ুষ্মান ভারত (বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা)

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা (সবার জন্য পাকা বাড়ি)

  • জল জীবন মিশন (বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল)

  • প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা

  • পিএম শ্রী স্কুলপিএম বিশ্বকর্মা যোজনা

“পঞ্চায়েত অফিস আর বন্ধ থাকবে না”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন পুরসভা ও পঞ্চায়েত পরিচালনা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন, “রাজ্যে আর কোনও পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে না। সচিবেরা নিয়মিত কাজ করবেন। বর্তমানে পঞ্চায়েত পরিষেবা বন্ধ রাখার চক্রান্তের জন্য সাধারণ মানুষের সব কাজ আটকে আছে। পঞ্চায়েত সদস্যদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।”

বিরোধীদের বার্তা: মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “এই বৈঠকের জন্য আমি ৭ জন তৃণমূল বিধায়ককে ডেকেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ আসেননি। অথচ আগের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকার সৌজন্যটুকুই দেখানো হতো না।”

আসছে পুরভোট, সম্পন্ন হবে ডিলিমিটেশন

রাজ্যের পুরসভাগুলির ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজো বা কালীপুজোর পরেই রাজ্যে বকেয়া পুরভোট করানোর সবরকম চেষ্টা করা হবে। তবে তার আগে ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ বা ‘ডিলিমিটেশন’-এর কাজ সম্পূর্ণ করা হবে।

মমতাকে বিঁধে ‘কথা কম কাজ বেশি’-র বার্তা

 মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পূর্বতন সরকারের আমলে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের নামে কোটি কোটি টাকা বেহিসাবি খরচ করা হতো। এবার আর সরকারি অর্থের এমন অপচয় হবে না। আমাদের সরকারের মূল মন্ত্র— কথা কম কাজ বেশি। শুধু উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।”

দুর্গাপুরের এই মেগা প্রশাসনিক বৈঠক থেকে বন্যা পরিস্থিতি সামাল দেওয়া এবং জঙ্গলমহলসহ শিল্পাঞ্চলের শিল্পোন্নয়নের চাকা ঘোরানোর স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৫ জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে এসেও ট্রাফিক জট বা রাস্তা বন্ধ না করার নজির গড়ে তিনি বলেন, “৫ জন মন্ত্রীকে নিয়ে এসেছি, অথচ সাধারণ মানুষের সুবিধার্থে কোথাও রাস্তা বন্ধ করা হয়নি।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy