স্বামীর কাছে যেসব জিনিস আশা করেন একজন স্ত্রী?

বেশিরভাগ নারীই তাদের মনের কথা সরাসরি প্রকাশ করতে চান না, বিশেষ করে প্রিয় মানুষটির কাছে। তারা মনে মনে প্রত্যাশা করেন যে, প্রিয়জন যেন না বলতেই সব বুঝে নেন। এই ‘বুঝতে পারা’ এবং ‘না পারার’ দ্বন্দ্বে অনেক সময় সম্পর্ক টালমাটাল হয়ে যেতে পারে। তাই পুরুষদের একটু চোখ-কান খোলা রাখা জরুরি, স্ত্রীর মনের কথা বোঝার সক্ষমতা অর্জন করতে হবে। অবশ্য সবটা বোঝা সম্ভব না হলেও, অন্তত কোন পরিস্থিতিতে স্ত্রী কী করলে খুশি হবেন, সেটুকুই মাথায় রাখলেই চলবে। চলুন, জেনে নিন স্ত্রী আপনার কাছ থেকে মনে মনে কোন বিষয়গুলো আশা করেন।
ঘরের কাজে সাহায্য করা
সংসার দুজনেরই। স্ত্রী যদি গৃহিণী হন, তবে সারাদিন বাড়ির কাজ তাকেই সামলাতে হয়। অন্যদিকে, স্বামী সারাদিন বাইরে থেকে খেটেখুটে ঘরে ফেরেন ক্লান্ত হয়ে। তাই স্ত্রী হয়তো মুখ ফুটে স্বামীকে ঘরের কাজের কথা বলতে পারেন না। কিন্তু সারাদিন বাড়ির কাজ করে দিনশেষে আপনার স্ত্রীও ক্লান্ত হয়ে পড়েন। তাই তিনি মুখে না বললেও মনে মনে আপনার কিছু সাহায্য প্রত্যাশা করেন। তার প্রতি সহানুভূতিশীল হয়েই আপনি তাকে কিছু কাজে সাহায্য করতে পারেন। এতে আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে।
তার কথা শোনা
স্ত্রী যেহেতু আপনার জীবনসঙ্গী, তাই জীবনের নানা সিদ্ধান্ত নেওয়ার আগে তার মতামত নেওয়া জরুরি। আপনি কেবল নিজের দিকটা ভেবেই সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার স্ত্রী কী চাইছেন, সেটিও ভেবে দেখুন। তার কথা মন দিয়ে শুনুন। আপনার স্ত্রীও কিন্তু মনে মনে এটাই চান। দুজন মিলে সিদ্ধান্ত নিলে তাতে ভুল হওয়ার ভয় কম থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে।
তাকে নিয়ে বেড়িয়ে আসুন
বেশিরভাগ মানুষই ঘুরতে ভালোবাসেন। বিশেষ করে আপনার স্ত্রী যদি বাড়িতেই বেশিরভাগ সময় কাটান, তবে তার বাইরে যাওয়ার ইচ্ছা আরও বেশি হতে পারে। তাই সময় ও সুযোগ বুঝে তাকে নিয়ে ঘুরতে যান। তার কোথায় যেতে ভালো লাগে, তা আগেই জেনে নিন এবং সেভাবেই পরিকল্পনা করুন। এটি সম্পর্কের একঘেয়েমি দূর করতে সাহায্য করবে।
তাকে সারপ্রাইজ দিন
সারপ্রাইজ পেতে সবাই পছন্দ করেন। কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে পুরুষেরা বিভিন্ন বিশেষ উপলক্ষের কথা মনে রাখতে পারেন না। এদিকে আপনার স্ত্রী কিন্তু বিশেষ দিনগুলোতে মনে মনে ক্ষণ গুনতে থাকেন, কখন আপনি তাকে সারপ্রাইজ দেবেন। মনে রাখবেন, সম্পর্কে কিছু চমক থাকা প্রয়োজন, নয়তো সম্পর্কগুলো একঘেয়ে হতে শুরু করতে পারে। নতুনত্ব না থাকলে সম্পর্ক ভাঙনের দিকেও যেতে পারে।
তাকে প্রাধান্য দিন
সব মানুষই প্রিয় মানুষের কাছে প্রাধান্য পেতে চান, পেতে চান গুরুত্ব। আপনার স্ত্রীও মনে মনে এটাই আশা করেন। তাই তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আপনার কথা, কাজ এবং আচরণে যেন তিনি বুঝতে পারেন যে তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। এতেই তিনি খুশি থাকবেন এবং আপনাদের সম্পর্ক আরও সুন্দর ও গভীর হয়ে উঠবে।
আপনার কি মনে হয় এই বিষয়গুলো আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে?