সুস্থ ও দীর্ঘ জীবনের রহস্য: ১০ হাজার নয়, মাত্র ৬ হাজার কদম!

সুস্থ ও দীর্ঘ জীবন পাওয়ার জন্য প্রতিদিন ১০ হাজার পা হাঁটার প্রচলিত ধারণা এবার পাল্টে দিল এক নতুন গবেষণা। আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘দ্য ল্যান্সেট: পাবলিক হেলথ’-এ সম্প্রতি প্রকাশিত এক গবেষণা বলছে, প্রতিদিন মাত্র ৬ হাজার পা হাঁটলেই মিলবে দীর্ঘায়ুর চাবিকাঠি।
আগে বিজ্ঞানীরা সুস্থ থাকতে প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার পরামর্শ দিতেন। কিন্তু মাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকার কয়েক লাখ মানুষের ওপর চালানো ১৫টি পূর্ব প্রকাশিত গবেষণার ফলাফল বিশ্লেষণ করে দেখেছেন যে, বেশিদিন বাঁচতে চাইলে প্রতিদিন নিয়ম করে কমপক্ষে ৬ হাজার পা হাঁটলেই যথেষ্ট। তবে এই পদক্ষেপগুলো কিছুটা দ্রুতগতিতে ফেলা উচিত বলে গবেষকরা জানিয়েছেন।
কেন ৬ হাজার কদমই যথেষ্ট?
আমেরিকার আমহার্স্টে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, সবকিছুরই একটি সীমা থাকে। বয়সের সঙ্গে সঙ্গে শরীরের ক্ষমতাও স্বাভাবিকভাবে কমে আসে। সেক্ষেত্রে প্রতিদিন ১০ হাজার পা হাঁটার চেষ্টা অনেক সময় হিতে বিপরীতও ডেকে আনতে পারে। তাই ৬ হাজার পা হাঁটাই যথেষ্ট এবং এটি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
একজন গবেষক এই বিষয়ে বলেন, “বেশিদিন বাঁচতে হলে কয়েক হাজার পা দিনে জোরে জোরে ফেলতেই হবে। এর অর্থ, একটু বেশি পরিশ্রম করতে হবে—এটাই বোঝানো। ১০ হাজার বললে পরিশ্রম কতটা তা বোঝানো যায়।” অর্থাৎ, সংখ্যার চেয়ে হাঁটার গুণগত মান এবং এর পেছনের পরিশ্রমই বেশি গুরুত্বপূর্ণ।
তাই, যারা প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার লক্ষ্য পূরণ করতে পারছিলেন না, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। এখন থেকে ৬ হাজার কদম হাঁটার লক্ষ্য নিয়েই সুস্থ ও সক্রিয় জীবনযাপন করা সম্ভব।