সম্পর্ক ভাঙলে পুরুষরাই বেশি কষ্ট পায়, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

একটি সম্পর্ক ভেঙে যাওয়া নারী-পুরুষ উভয়ের জন্যই কষ্টকর। তবে সাধারণত এমন ধারণা প্রচলিত আছে যে, বিচ্ছেদের পর নারীরাই বেশি আবেগপ্রবণ ও কষ্ট পান। কিন্তু সম্প্রতি একটি গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করে এক ভিন্ন তথ্য তুলে ধরেছে। এক নতুন সমীক্ষা অনুযায়ী, বিচ্ছেদের পর পুরুষরাই নারীদের চেয়ে বেশি কষ্ট পান।
‘জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপস’-এ প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছে ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। এই গবেষণার জন্য ১ লক্ষ ৮৪ হাজার মানুষের অনলাইন পোস্ট যাচাই করা হয়েছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নামের একটি পদ্ধতি ব্যবহার করে দেখা হয়, বিচ্ছেদ সংক্রান্ত পোস্টে কোন ধরনের শব্দ বেশি ব্যবহৃত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ‘হৃদয়ে ব্যথা’, ‘অনুশোচনা’, ‘হৃদয় ভাঙা’—এই ধরনের আবেগপূর্ণ শব্দগুলো পুরুষদের পোস্টে বেশি ব্যবহৃত হয়েছে। এর থেকে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে, বিচ্ছেদের পর পুরুষরা তাদের কষ্ট বেশি প্রকাশ করেন।
গবেষণার প্রধান গবেষক ডা. রায়ান বয়েড জানান, পুরুষরা অনলাইনে তাদের বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে দ্বিধা করেন না। এমনকি তারা হতাশাগ্রস্ত হলে তা কাটিয়ে ওঠার জন্য অন্যের কাছে পরামর্শও চান। অন্যদিকে, নারীরা এই বিষয়ে তুলনামূলকভাবে কম আলোচনা করেন, যা থেকে ধারণা করা হয় যে তারা দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন অথবা আবেগ প্রকাশে বেশি সতর্ক থাকেন।
তবে এর অর্থ এই নয় যে নারীরা আবেগহীন। গবেষকরাও মনে করেন, এই বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। তবে আপাতত, প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিচ্ছেদের কষ্ট প্রকাশ করার ক্ষেত্রে পুরুষরাই এগিয়ে আছেন।