সবজি কাটার ভুল ধরুন, পুষ্টিগুণ বাঁচিয়ে খান!

সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেলসের সঠিক ভারসাম্য থাকা জরুরি। আর এই প্রয়োজনীয় উপাদানগুলোর অন্যতম উৎস হলো সবজি। তাই মাছ-মাংসের পাশাপাশি নিয়ম করে সবজি খাওয়া অপরিহার্য। তবে অনেকেই সবজি কাটার সময় এমন কিছু ভুল করে থাকেন, যার ফলে সবজির বেশিরভাগ পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় বা কমে যায়। এমন সবজি খেয়ে আশানুরূপ উপকার পাওয়া যায় না। তাই সঠিক পুষ্টি পেতে জেনে নিন কীভাবে সবজি কাটবেন:
সবজি কাটার আগে ধুয়ে নিন:
সবজির খোসা ছাড়ানোর আগেই পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়া জরুরি। এর ফলে সবজির গায়ে লেগে থাকা ধুলোবালি ও জীবাণু দূর হয়ে যায়। শুধু তাই নয়, খোসা ছাড়ানোর আগে ধুলে সবজির ভিটামিনের ক্ষমতাও বৃদ্ধি পায়। যদি খোসা ছাড়ানোর পর সবজি ধোয়া হয়, তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো ধুয়ে যায় এবং তেমন কোনো উপকার পাওয়া যায় না। তাই সবজি কেটে তারপর ধোয়া নয়, বরং খোসা ছাড়ানো এবং কাটার আগেই ধুয়ে নিন।
ধারালো ছুরি ব্যবহার করুন:
ভোঁতা ছুরি বা অন্য কোনো ভোঁতা সরঞ্জাম দিয়ে সবজি কাটলে তা সঠিকভাবে কাটা যায় না। এর ফলে সবজির কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু উপকারী উপাদান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, ধারালো দা, বঁটি বা ছুরি ব্যবহার করলে সবজি সহজেই কাটা যায় এবং এর পুষ্টি উপাদান অক্ষুণ্ণ থাকে। এছাড়াও, ধারালো সরঞ্জাম ব্যবহারে সবজিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির ঝুঁকিও কমে। ছুরি বা গ্রেটার দিয়ে একবার সবজি কাটার পরে সেগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।
ছোট টুকরো করা এড়িয়ে চলুন:
সবজি কাটার সময় কখনোই ছোট ছোট টুকরো করবেন না। ছোট টুকরো করার ফলে সবজির আর্দ্রতা দ্রুত কমে যায় এবং তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ছোট টুকরায় সবজির উপরিভাগের ক্ষেত্রফল বেড়ে যাওয়ায় বেশি পরিমাণে ভিটামিন ও মিনারেলস অক্সিডাইজড হয়ে যায়, ফলে পুষ্টিগুণ কমে যায়। মোটা মোটা টুকরো করে সবজি কাটলে এর ভেতরের পুষ্টিকর উপাদানগুলো সুরক্ষিত থাকে।
খোসাসহ কাটুন:
আলু ও শসার মতো কিছু সবজি কাটার সময় খোসা ছাড়ানো উচিত নয়। খোসাসহই রান্না করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। কারণ, এই সবজির খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল মজুত থাকে। তাই এই সবজিগুলো খোসাসমেত খেলে আরও বেশি উপকার পাওয়া যায়। আর যদি কোনো সবজির খোসা ছাড়াতেই হয়, তাহলে খুব বেশি করে না তুলে যতটা সম্ভব খোসা রেখে কাটার চেষ্টা করুন। এভাবেই সবজি কাটলে তার সঠিক পুষ্টিগুণ বজায় থাকবে এবং আপনি পুরোপুরি উপকার পাবেন।