মুখে মিষ্টি কথা, পিঠে ছুরি! ভুলেও এই ৫টি লক্ষণ দেখলেই চিনুন ‘সবচেয়ে বড়’ ক্ষতিকারক বন্ধুকে!

বন্ধুত্ব আমাদের জীবনের অন্যতম সুন্দর ও পবিত্র একটি সম্পর্ক। সুখের দিনে পাশে থাকা কিংবা বিপদের সময় হাত বাড়িয়ে দেওয়াটাই একজন প্রকৃত বন্ধুর মূল পরিচয়। তবে জীবনের সব হাসিমুখের মানুষ যে আদতে আপনার শুভাকাঙ্ক্ষী হন, এমনটা ভাবা একেবারেই ভুল। কখনো কখনো সবচেয়ে মারাত্মক আঘাত বা বিশ্বাসঘাতকতা আসে এমন কারোর কাছ থেকে, যাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করে নিজের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করি। কেউ হয়তো আপনার সামনে খুব মিষ্টি কথা বলেন, অহেতুক প্রশংসা করেন, অথচ আড়ালে আপনার প্রতিটি সিদ্ধান্ত, অর্জন কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাই বন্ধুত্বে যেমন অন্ধ বিশ্বাসের প্রয়োজন রয়েছে, তেমনই মানুষের আসল আচরণ ও উদ্দেশ্য বুঝে নেওয়াও অত্যন্ত জরুরি।
প্রকৃত বন্ধু কখনো আপনার অন্ধ ভক্ত হবেন না। তিনি কেবল আপনার ভালো দিকগুলোই তুলে ধরবেন না, বরং প্রয়োজন পড়লে আপনার ভুলগুলোও চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার প্রতিটি কথায় অন্ধভাবে সম্মতি জানান, সব সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন এবং কখনো কোনো ভুলত্রুটি নিয়ে সতর্ক না করেন, তবে সেখানে সাবধান হওয়ার সময় এসেছে। কারণ বিনা কারণে করা অতিরিক্ত প্রশংসা মানেই গভীর আন্তরিকতা বা সুসম্পর্ক নয়। ঠিক একইভাবে, পরামর্শ আর স্পষ্ট নিরুৎসাহের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে হবে। আপনার কোনো বন্ধু যদি আপনার প্রতিটি নতুন পরিকল্পনা বা ভাবনার জবাবে শুধু ‘তুমি পারবে না’, ‘এটা তোমার জন্য নয়’ বা ‘এতে কোনো লাভ হবে না’ বলে দমিয়ে দেওয়ার চেষ্টা করেন, তবে বুঝতে হবে তিনি আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইছেন। প্রকৃত বন্ধু সবসময় ঝুঁকি বা বিপদের কথা সতর্ক করে দেবেন, কিন্তু আপনার মনের জোর কখনো ভেঙে দেবেন না।
অন্যের গোপনীয়তা রক্ষা করতে না পারা মানুষটি একসময় আপনার ব্যক্তিগত কথাও অন্যের কাছে প্রকাশ করে দিতে পারেন। তাই যে বন্ধু অন্যের দুর্বলতা বা গোপন তথ্য সহজেই চারদিকে বলে বেড়ান, তাঁর সামনে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি, কোনো ব্যক্তির আচরণে আপনার সাফল্যে অস্বস্তিবোধ ফুটে উঠলে তাও চিন্তার বিষয়। কঠিন সময়ে পাশে থাকা যেমন জরুরি, তেমনই আপনার সাফল্যে মন থেকে আনন্দিত হওয়াও খাঁটি বন্ধুত্বের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। আপনি ভালো কিছু অর্জন করলে যদি কারও আচরণ হঠাৎ বদলে যায়, অভিনন্দনের বদলে অপ্রয়োজনীয় তুলনা শুরু হয় কিংবা আপনার সাফল্যকে খাটো করে দেখানোর প্রবণতা তৈরি হয়, তবে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
বন্ধুত্ব যদি কেবল নিজের স্বার্থসিদ্ধি বা প্রয়োজনের সময় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে সেই ভারসাম্যহীন সম্পর্ক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আপনি সমস্যায় পড়লে যিনি বারবার অনুপস্থিত থাকেন, কিন্তু নিজের সামান্য দরজকারেই আপনার কাছে ছুটে আসেন, তাঁর উদ্দেশ্য পরিষ্কার। এছাড়া, কোনো বন্ধু যদি আপনার বলা ব্যক্তিগত দুর্বলতা বা গোপন তথ্য ভবিষ্যতে আপনার বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব্যবহার করেন, তবে সেটি সবচেয়ে বড় সতর্কসংকেত। যতদিন আপনি তাঁর চেয়ে কম সফল ছিলেন, ততদিন হয়তো তিনি আপনার সহায়ক ছিলেন, কিন্তু আপনার উন্নতিতে তাঁর আচরণে হঠাৎ পরিবর্তন এলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। কোনো একটি বিচ্ছিন্ন লক্ষণ দেখেই কাউকে খারাপ বা বিষাক্ত বন্ধু বলে সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে। মানুষের আচরণের পেছনে নানা জটিল কারণ থাকতে পারে। তাই দীর্ঘদিন ধরে তাঁর কথা ও কাজের মিল আছে কি না, তা যাচাই করুন। অন্ধ বিশ্বাস না রেখে নিজের বিচারবুদ্ধির ওপর ভরসা রাখুন।