নারকেলের শক্ত খোসা ছাড়ানো এখন সহজ! জেনে নিন কিছু দরকারি টিপস

নারকেল একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল। কাঁচা হোক বা রান্নায়, নারকেল খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে তোলে। বিভিন্ন পুজো-পার্বণেও নারকেলের ব্যবহার অপরিহার্য। তবে নারকেলের শক্ত খোসা ছাড়ানো এবং ভেতরের সাদা অংশ বের করা অনেক সময় বেশ ঝক্কির কাজ মনে হয়। অনেকেই নারকেল ভাঙতে গিয়ে হিমশিম খান এবং ভেতরের সাদা অংশ নষ্ট করে ফেলেন। কিন্তু কিছু সহজ কৌশল জানা থাকলে আপনি সহজেই এবং পরিষ্কারভাবে নারকেলের খোসা ছাড়াতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু টিপস।
সরাসরি ফ্রিজে নয়, প্রথমে গরম জলে:
বাজার থেকে নারকেল কিনে আনার পর সরাসরি ফ্রিজে রাখবেন না। প্রথমে একটি পাত্রে জল গরম করুন। জল হালকা গরম হলে নারকেলটি সেই গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এর ফলে নারকেলের ভেতরের স্তরটি ধীরে ধীরে খোসা ছাড়তে শুরু করবে। কিছুক্ষণ পর নারকেলটি জল থেকে তুলে ঠান্ডা হতে দিন। এরপর খোসা ছাড়ানো শুরু করলে দেখবেন, সহজেই ভেতরের সাদা অংশটি বেরিয়ে আসছে।
মাইক্রোওয়েভের ব্যবহার:
যদি নারকেল ভাঙতে বেশি শক্তি প্রয়োগ করতে হয়, তাহলে প্রথমে গরম জলে ১০ মিনিট রাখার পর সেটি মাইক্রোওয়েভে রাখুন। প্রথমে মাইক্রোওয়েভেন ৪০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন। এরপর নারকেলটি ওভেনে ১ মিনিটের জন্য রাখুন। তারপর মাইক্রোওয়েভেন বন্ধ করে সাবধানে নারকেলটি বের করে ভাঙতে শুরু করুন। দেখবেন, নারকেল সহজেই ভেঙে যাবে।
হাতুড়ির সাহায্য:
নারকেল ভাঙতে অসুবিধা হলে, প্রথমে নারকেলের শক্ত খোলসের উপর হাতুড়ি দিয়ে হালকা আঘাত করুন। কয়েকবার আঘাত করলে খোলের স্তর কিছুটা আলগা হয়ে যাবে। এর ফলে নারকেল সহজেই ভেঙে যাবে এবং ভেতরের সাদা অংশ আলাদা করতে আপনার তেমন কোনো সমস্যা হবে না।
গ্যাসের আঁচে গরম করুন:
আরেকটি সহজ উপায় হলো কিছুক্ষণ গ্যাসের আঁচে নারকেল গরম করা। নারকেলটি ধরে সরাসরি গ্যাসের আগুনের উপর কিছুক্ষণ ঘোরান। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। গরম করার পর ছুরির সাহায্যে খোসা ছাড়ানোর চেষ্টা করুন এবং উপরের দিকে ফুটো করে নারকেলের জল বের করে নিন। জল বের হয়ে গেলে নারকেল ভাঙা অনেক সহজ হয়ে যাবে।
সাদা অংশ আলাদা করার কৌশল:
নারকেলটি দুই টুকরো করার পরেও যদি সাদা অংশ বাদামী স্তর থেকে সহজে আলাদা না হয়, তাহলে গ্যাস চালু করুন এবং নারকেলের শক্ত খোলের দিকটি আগুনের উপর ধরুন। কালো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর দেখবেন সাদা অংশটি বাদামী খোসা থেকে সহজেই আলাদা হয়ে যাচ্ছে।
এই সহজ টিপসগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই নারকেলের শক্ত খোসা ছাড়াতে পারবেন এবং ভেতরের সুস্বাদু সাদা অংশটি পরিষ্কারভাবে বের করে নিতে পারবেন। তাই পরের বার নারকেল ভাঙার সময় এই কৌশলগুলো অবশ্যই কাজে লাগান।